পুলিশের দাবি, খুনের উদ্দেশ্য জানা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি হত্যার উদ্দেশ্য (মোটিভ) সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল রোববার মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের কাছে এ দাবি করেছেন। তবে তদন্তের স্বার্থে সেই মোটিভ সম্পর্কে এখনই কিছু প্রকাশ করতে রাজি হননি তিনি। এ ছাড়া সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে খুনের ঘটনায় গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা ব্লক রেইডের কথা নাকচ করে দিয়েছেন এই কর্মকর্তা। সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় সমাজে প্রতিষ্ঠিত কেউ জড়িত থাকতে পারে বলে গুজব রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, এ রকম গুজব নিয়ে ডিবির হাতে অন্তত ২০টি বেনামি চিঠি ও মোবাইলের ফোনের অসংখ্য খুদেবার্তা (এসএমএস) রয়েছে। এসবের বিষয়বস্তু অনেকটা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের মতো।এর আগে পুলিশের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের চারটি কারণ উল্লেখ করা হয়েছিল—এ ব্যাপারে জানতে চাইলে উপকমিশনার বলেন, ‘এ বিষয়ে বলা যাবে না। তবে এতটুকু বলা যাবে, সময় সংক্ষিপ্ত হচ্ছে, আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করা যাবে।’১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এদিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনের ফুটপাতে সকাল থেকেই বসে ছিলেন রুমা বেগম ও বেলাল হাওলাদার। সম্পর্কে তাঁরা দেবর-ভাবী। তাঁদের হাতে ছিল একজন ডিবি কর্মকর্তার ফোন নম্বর।রুমা বেগম প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী হানিফ হাওলাদার পেশায় গাড়িচালক। গত বুধবার ধানমন্ডি এলাকা থেকে তাঁকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে আসা হয়। প্রায় একই সময়ে রুমার মামাতো ভাই মিলন ও শামীম নামের দুজনকে গাজীপুর থেকে এবং মো. বশির নামের একজনকে কামরাঙ্গীরচর থেকে ধরে নিয়ে আসেন ডিবির কর্মকর্তারা। এরপর গত শনিবার মিলন ও শামীমকে ছেড়ে দেওয়া হয়। এ দুজন ছাড়া পেয়ে ফোনে অন্যদের স্বজনদের আটকের কথা জানায়। ডিবির কার্যালয়ের সামনে অপেক্ষমাণ স্বজনদের একজন বলেন, এ চারজনই পেশায় গাড়িচালক। তাঁদের সন্দেহজনকভাবে সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় আটক করা হয়েছে বলে তিনি শুনেছেন।আটক বশিরের স্ত্রী রাশিদা বেগম বলেন, কী কারণে বা কোন মামলায় বশিরকে আটক করা হয়েছে, তা তিনি জানেন না। ডিবির কারও সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেননি।রুমা বেগম ও বেলাল হাওলাদারের কাছ থেকে পাওয়া গেল ডিবির একজন কর্মকর্তার ফোন নম্বর। ওই নম্বরে ফোন করা হলে ফোন ধরেন ডিবির সহকারী কমিশনার রবিউল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ডিবি এ রকম কাউকে আটক করেনি। বাইরে অপেক্ষমাণ ব্যক্তিদের তা বুঝিয়ে বলা হয়েছে।এ ছাড়া নুরুল ইসলাম নামের নারায়ণগঞ্জের একজন আসবাব ব্যবসায়ীকে গতকাল সকালে ডিবির পরিচয়ে সাদা পোশাকধারী একদল লোক ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী দিলওয়ারা বেগম। তিনি বলেন, তাঁকে কী কারণে ধরে আনা হয়েছে, কারা ধরেছে তিনি কিছুই জানেন না।আজ সাংবাদিকদের এক ঘণ্টা কর্মবিরতি: সরওয়ার-মেহেরুনসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে আজ সোমবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত সব সংবাদমাধ্যমে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতির কর্মসূচি দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এ কর্মসূচি পালনের জন্য সব সংবাদকর্মীর প্রতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উভয় অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।