রাজধানীর রামপুরায় গতকাল শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শ্যামল (২২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অনিক (১৮) নামের আরেকজন আহত হয়েছেন। পুলিশের দাবি, শ্যামল ও অনিক ছিনতাইকারী। নিহত শ্যামলের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। সেখানে তাঁর নামে মামলা আছে। তবে আহত অনিক ও তাঁর পরিবার দাবি করেছে, পুলিশ দুজনকে ধরে নিয়ে যায় এবং পুলিশের দাবিমতো চাঁদা না দেওয়ায় তাঁদের গুলি করা হয়। এতে অনিক আহত হন এবং শ্যামলের মৃত্যু হয়। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) কামরুলের ভাষ্যমতে, গতকাল রাত আড়াইটার দিকে পুলিশ সদস্যরা মামলার এজাহারভুক্ত আসামি ধরতে পূর্ব রামপুরার ইস্টার্ন হাউজিংয়ের বালুর মাঠে যায়। সেখানে ছিনতাইয়ের জন্য ওত্ পেতে ছিল দুই যুবক। পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শ্যামলের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অনিক জানান, বালুর মাঠের পাশে তাঁর ফোন-ফ্যাক্সের দোকান আছে। তাঁকে পুলিশ গতকাল সকালে ধরে নিয়ে যায়। রাতে শ্যামলকে আটক করে নিয়ে আসে পুলিশ। পরে রাতে তাঁদের গাড়িতে করে বালুর মাঠের পাশে নিয়ে গুলি করে। অনিক দাবি করেন, তিনি শ্যামলকে চেনেন না। অনিকের খালা রোকেয়া বেগমের দাবি, তাঁকে ধরে নিয়ে যাওয়ার পর পুলিশ তাঁদের কাছে এক লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তাঁকে গুলি করা হয়। একই কারণে শ্যামলকে হত্যা করা হয় বলে তিনি মন্তব্য করেন।অনিকের দাবি, তাঁর বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। ঢাকায় তাঁরা পূর্ব রামপুরার ১৬৯/১৩/৩ নম্বর বাসায় থাকেন। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম।