সাগর-রুনি হত্যাকাণ্ড মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার সব নথি নিয়ে তদন্ত কর্মকর্তাসহ পুলিশের দুই কর্মকর্তাকে আজ বুধবার সকালে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. রবিউল আলমকে হাইকোর্ট মামলার এজাহার, পুলিশের কাছে দেওয়া সাক্ষীদের জবানবন্দিসহ যাবতীয় নথিপত্র নিয়ে আজ সকাল সাড়ে ১০টায় হাজির হতে বলেছেন।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে এই আদেশ দেন। শুনানিকালে আদালত বলেন, ‘দাখিল করা প্রতিবেদনে প্রতীয়মান হয়, এ সময় পর্যন্ত তদন্তের অগ্রগতি জিরো।’গত ২০ মার্চ পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের ২২ মার্চের মধ্যে হত্যা মামলার বিষয়ে অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এর ধারাবাহিকতায় পুলিশের পাঠানো প্রতিবেদন গতকাল আদালতে উপস্থাপন করে পড়ে শোনান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। হত্যার কারণ উদ্ঘাটনের বিষয়ে নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’ তখন আদালত বলেন, ‘দৃশ্যমান কোনো অগ্রগতি প্রতীয়মান হয়নি। পুলিশ কী করছে? দুই মাসেও কোনো ক্লু পায়নি কেন? কাউকে গ্রেপ্তার করতে পারেনি কেন?’ জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দুটি দিক নিয়ে তদন্ত চলছে। শিগগিরই ফলাফল পাওয়া যাবে।’আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘যে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে, তাতে কোনো অগ্রগতির কথা বলা নেই। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। চাঞ্চল্যকর একটা মামলায় উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়োগ না করে একজন পরিদর্শককে দিয়ে তদন্ত করানো হচ্ছে।’পরে আদালত আদেশ দেন।আদালত থেকে বেরিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, ‘আইজি ও তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদন দুটি একই। হলফনামা করে প্রতিবেদন আদালতে দাখিল করেছি। আদালত তদন্তে অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। মামলার যাবতীয় নথিপত্র নিয়ে পুলিশের ওই দুই কর্মকর্তাকে আজ সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।’আইনজীবী মনজিল মোরসেদ বলেন, শুনানিকালে আদালত তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তদন্তের অগ্রগতি শূন্য।গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। খুনের রহস্য উদ্ঘাটনে অগ্রগতি হয়েছে বলে পুলিশ বিভিন্ন সময় দাবি করলেও দৃশ্যত তারা এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো সাফল্য পায়নি।এর আগে হত্যার কারণ উদ্ঘাটনের বিষয়ে নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এর শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি আদালত রুল জারি করেছিলেন। প্রতিবেদনে যা বলা হয়েছে: তদন্ত কর্মকর্তা রবিউল আলম স্বাক্ষরিত তদন্তের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত হচ্ছে। এক, সংঘবদ্ধ পেশাদার কোনো দল ডাকাতি করতে এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না। দুই, নিহত সাংবাদিকদের ব্যক্তিগত, পারিবারিক বা পেশাগত কোনো প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড করেছে কি না। এ উদ্দেশ্যে ঘটনাস্থল, বাড়ির দারোয়ান, তত্ত্বাবধায়ক, কাজের লোকজন, ভবনের বাসিন্দা, বাড়ির মালিক, আগন্তুক, সম্ভাব্য অতিথি, ঘটনাস্থলের আশপাশের ব্যক্তি, সাগর-রুনির সহকর্মী, তাঁদের কর্মস্থলের কর্মকর্তা-কর্মচারী, বন্ধু, সম্ভাব্য শত্রুপক্ষ সবাইকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। বাদীর পরবর্তী সম্পূরক অভিযোগের বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পেশাদার অপরাধীদের তথ্য সংগ্রহ করে জড়িত থাকার ব্যাপারে সাক্ষ্য ও তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত আছে। এ ব্যাপারে গুপ্তচর নিয়োগের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত কার্যক্রমের সঙ্গে একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিবিড়ভাবে তদারক করছে।