পুলিশের দুর্নীতি রোধে ‘লাই ডিটেক্টর’
ইকুয়েডরের পুলিশ কর্মকর্তাদের দেওয়া সম্পদের তথ্য লাই ডিটেক্টরে (মিথ্যা শনাক্তকরণ যন্ত্র) পরীক্ষা করা হবে। এ জন্য পুলিশ কর্মকর্তাদের শিগগিরই লাই ডিটেক্টরের মুখোমুখি হতে হবে। পুলিশ বাহিনীতে দুর্নীতির মূলোৎপাটন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির পুলিশপ্রধান জেনারেল উইলসন অ্যালুলেমা এ কথা জানিয়েছেন। অ্যালুলেমা জানান, তিনি চান পুলিশ বাহিনীর ৪২ হাজার কর্মকর্তা সবাই এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে।দুর্নীতি দমনের নতুন এ পদক্ষেপে পুলিশ কর্মকর্তারা লাই ডিটেক্টরের সামনে দাঁড়িয়ে তাঁদের সম্পদের বিবরণী ঘোষণা করবেন। এতে তদন্ত কর্মকর্তারা পুলিশ কর্তাদের অবৈধ লেনদেন সহজে শনাক্ত করতে পারবেন। গত সেপ্টেম্বরে পুলিশ বিদ্রোহের পর প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া পুলিশ বাহিনীকে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। সে সময় সরকারের কৃচ্ছ্রতার অংশ হিসেবে পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধার কাটছাঁটের প্রতিবাদে হাজার হাজার পুলিশ সদস্য সহিংস বিক্ষোভে জড়িয়ে পড়েন।প্রেসিডেন্ট রাফায়েল ওই বিক্ষোভকে অভ্যুত্থানের চেষ্টা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি পুলিশ বাহিনীতে স্বচ্ছতা অভিযান চালানোর অঙ্গীকার করেন। সহিংস ওই বিক্ষোভের পর রাফায়েল প্রশাসন পুলিশ বাহিনীর প্রশাসনিক নিয়ন্ত্রণ নেয়।পুলিশপ্রধান অ্যালুলেমা আশা করছেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের অপসারণ করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হবে। এ ছাড়া দুর্নীতিবাজ সহকর্মীদের ধরিয়ে দিলে কর্মকর্তাদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। বিবিসি।