পুলিশের ধারণা, হত্যার কারণ সাংগঠনিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত শত্রুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব দৃষ্টিপ্রতিবন্ধী কে এম খলিলুর রহমান সাংগঠনিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত শত্রুতার জের ধরে খুন হয়েছেন বলে পুলিশ ধারণা করছে। এ ছাড়া সংস্থার বিপুল তহবিলও এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে।খলিল হত্যার ঘটনায় আটক তিন দৃষ্টিপ্রতিবন্ধী মিনহাজ উদ্দিন, সোহাগ হোসেন ও ইয়াকুব আলীকে জিজ্ঞাসাবাদ করছে মিরপুর থানার পুলিশ। এদিকে খলিল হত্যার বিচারের দাবিতে তাঁর স্বজন ও জাতীয় অন্ধ সংস্থার সদস্যরা গতকাল রোববার বিকেলে কফিন নিয়ে মিছিল করেন। পরে জানাজা শেষে খলিলের মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।গতকাল রোববার রাতে এ ঘটনায় নিহত খলিলের স্ত্রী গাজী হাসিনা পারভীন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মিরপুর থানায় একটি মামলা করেছেন।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জাতীয় অন্ধ সংস্থার সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে প্রতিপক্ষের সঙ্গে খলিলের দ্বন্দ্ব ছিল। দলাদলির জের ধরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় নানা অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। তিনি বলেন, ওই সংস্থার প্রচুর সম্পদ আছে। দাতা সংস্থা থেকেও প্রচুর অর্থ আসে। সম্প্রতি সংস্থার তহবিল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে খলিলের দ্বন্দ্ব চরমে পৌঁছায়। খলিলের অনেক শত্রু ছিল। ব্যক্তিগত শত্রুতার জের ধরেও হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, খলিলের বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে অস্ত্র আইন এবং সন্ত্রাসের অভিযোগে ১১টি মামলা রয়েছে। তিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করতেন। তাঁর অনুগত দৃষ্টিপ্রতিবন্ধী ইয়াকুবের বাসায় হত্যাকাণ্ড ঘটায় তাঁকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।দুপুরে মিরপুর ২ নম্বর সেকশনের ডি ব্লকের ২ নম্বর সড়কের ২০৪ নম্বর বাড়িতে খলিলের নিজস্ব ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, খলিলের স্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী গাজী হাসিনা পারভীন, দুই মেয়ে ও এক ছেলে বিলাপ করছেন। স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। সেখানে আরও অনেক মানুষের ভিড়।হাসিনা পারভীন কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, সংস্থার মহাসচিব নির্বাচিত হওয়ায় তাঁর স্বামী অনেকের রোষানলে পড়েন। তিনি বারবার তাঁকে সভা-সমিতি বাদ দিতে অনুরোধ করলেও শোনেননি। তাঁকে কিছু না জানিয়েই শনিবার তিনি ইয়াকুবের বাসায় গিয়েছিলেন। তিনি বলেন, ‘এখন আমার সন্তানদের নিরাপত্তা কে দেবে। ওদের নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব?’হাসিনা অভিযোগ করেন, প্রতিপক্ষ মিনহাজ ও আইয়ুব আলী গং লালবাগ থানার তৎকালীন ওসি গোলাম রহমানকে দিয়ে তাঁর স্বামীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করিয়েছেন। গোলাম রহমান মেহেরপুর সদর থানায় বদলি হওয়ার পর সেখানে খলিলের নামে অস্ত্র আইনে মামলা হয় এবং ওই মামলায় তিনি গ্রেপ্তারও হন।খলিলের শ্যালক গাজী খায়রুল ইসলাম বলেন, গত ২৬ আগস্ট নির্বাচনে খলিল তিন বছর মেয়াদে জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব নির্বাচিত হন। এর আগের দুটি নির্বাচনেও তিনি একই পদে বিজয়ী হয়েছিলেন। মিনহাজ ও আইয়ুব গং তিনবারই খলিলদের কাছে পরাজিত হন। এবারও পরাজিত হওয়ায় তাঁরা খলিলের ওপর ক্ষিপ্ত ও প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। সংস্থার বিপণিবিতান, বাসসহ অনেক সম্পদ আছে। বিভিন্ন দাতা সংস্থা থেকে প্রচুর অর্থও আসে। এসব নিয়ন্ত্রণের দায়িত্ব না পেয়ে মিনহাজ ও আইয়ুব গং পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে।নিহত খলিলের মেয়ে দিলরুবা রহমান ও দিলশাদ রহমান এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দিলরুবা গত বছর ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। দিলশাদ মিরপুরের মণিপুর উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। তাদের ভাই এহসানুর রহমান স্থানীয় একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ে।গত শনিবার রাতে অস্ত্রধারী দুই সন্ত্রাসী শাহআলী বাগে জনতা হাউজিংয়ে ইয়াকুবের বাসায় ঢুকে খলিলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, সংস্থার নির্বাচনে পরাজিত মহাসচিব পদপ্রার্থী আইয়ুব আলীর সঙ্গে ইয়াকুবের বিরোধের অবসান ঘটানোর জন্য খলিল ইয়াকুবের বাসায় শনিবার রাতে বৈঠক ডেকেছিলেন। ওই বৈঠককালেই তাঁকে গুলি করা হয়। আটক মিনহাজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।গতকাল বিকেলে খলিলের স্বজন ও অন্ধ সংস্থার সদস্যরা তাঁর বাসার সামনে থেকে কফিন নিয়ে মিছিল করে মিরপুর থানার সামনে যান। পরে মিছিলটি আবার বাসার সামনে গিয়ে শেষ হয়। জাতীয় প্রতিবন্ধী ফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে খলিল হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।খলিল জাতীয় প্রতিবন্ধী ফোরামের সহকারী সচিব, বাংলাদেশ অর্গানাইজেশন ফর ডিজঅ্যাবলড অ্যাডভান্সমেন্টের (বোডা) নির্বাহী পরিচালক এবং এশিয়া প্যাসিফিক ডিসঅ্যাবিলিটি ফোরামের (এপিডিএফ) আহ্বায়ক ছিলেন।