পুলিশের নির্যাতনে এক আসামির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর থানায় পুলিশের নির্যাতনে এক আসামির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে।নিহত আসামির নাম শাহাদাত হোসেন (৪৫)। তিনি শহরের মধ্য নওহাটা মহল্লার মৃত উমেগ উদ্দিনের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।শাহাদাতের পরিবার সূত্রে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে শাহাদাতের সঙ্গে তাঁর ছোট ভাই সামসাদ হোসেনের দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিল।সামসাদের দায়ের করা মামলায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন গতকাল রাত সাড়ে ১১টার দিকে জেলা কারাগার মোড় থেকে শাহাদাতকে আটক করে থানায় নিয়ে যান। তাঁর পরিবারের অভিযোগ, থানা হেফাজতে থাকা অবস্থায় পুলিশের নির্যাতনে শাহাদাত মারা গেছেন।আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে শাহাদাতের লাশ তাঁর ছোট ভাই সামসাদ হোসেন তাঁদের বাড়িতে রেখে পালিয়ে যান।এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা পুলিশি হেফাজতে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, আসামি শাহাদাত উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।কর্তব্যরত কর্মকর্তার কক্ষে অবস্থান করার সময় শাহাদাত অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে তাঁর ভাইয়ের জিম্মায় দিয়ে দেওয়া হয়। গুরুতর অবস্থায় তাঁকে সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।শাহাদাতের স্ত্রী শাহিদা খাতুন অভিযোগ করে বলেন, তাঁর স্বামী গতকালও রাজমিস্ত্রির কাজ করেছেন। পুলিশ তাঁর স্বামীকে আটক করে নির্যাতন করে মেরে ফেলেছে।