পুলিশের নিষ্ক্রিয়তা কাটেনি, শীর্ষ পর্যায়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক কর্মসূচির সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে পুলিশের যে নিষ্ক্রিয়তা দেখা দিয়েছিল, তা এখনো কাটেনি। গত সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের তাণ্ডবের পর এ বিষয়টি আবারও আলোচিত হচ্ছে।পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, এ বিষয়টি নিয়ে প্রশাসনের শীর্ষ পর্যায়ও উদ্বিগ্ন। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কমিটির পক্ষ থেকে বলা হয়, জামায়াত-শিবিরের কর্মীরা সচিবালয়ের চারপাশে ব্যাপক হাঙ্গামা ও জ্বালাও-পোড়াও কর্মকাণ্ড চালালেও পুলিশ তাঁদের প্রতিরোধে পুরোপুরি ব্যর্থ হয়েছে।মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দলীয় নেতাদের মুক্তির দাবিতে রাজনৈতিক কর্মসূচি পালনের নামে গত বছরের নভেম্বর থেকে সারা দেশে চোরাগোপ্তা হামলা শুরু করে জামায়াত-শিবির। তারা পুলিশের ওপর একের পর এক হামলা চালায়।গত সোমবারও রাজধানীসহ বিভিন্ন স্থানে পুলিশের ওপর হঠাৎ আক্রমণ শুরু করেন শিবিরের কর্মীরা। মতিঝিল থেকে শুরু হওয়া এ আক্রমণ একপর্যায়ে সচিবালয়ের সামনে পর্যন্ত পৌঁছে যায়। মিছিল নিষিদ্ধ এলাকা বলে চিহ্নিত সচিবালয়ের সামনে আবদুল গণি রোডেও মিছিল করে শিবির। এ ঘটনার মাত্র পাঁচ মিনিট আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে পৌঁছান। পুলিশ সদর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সচিবালয়ে মিছিল কীভাবে আসতে পারল, সেটাই প্রশ্ন। আগে কখনো আবদুল গণি রোডে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এবার কেন বাধা দেওয়া হলো না, তা খোঁজ করা উচিত।পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, পুলিশ জামায়াতের নাশকতার পরিকল্পনাকে বারবার ব্যর্থ করে দিচ্ছে। তাই জামায়াত আতঙ্ক ছড়াতে এসব করছে। ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের ওপর হামলা হতে পারে, এ তথ্য পুলিশের কাছে ছিল। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া এসব তথ্য মাঠে নামানোর আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়। সেই মতো বিভিন্ন স্থানে পুলিশও মোতায়েন ছিল। কিন্তু হামলার সময় পুলিশকে নিষ্ক্রিয় থাকতে দেখা যায়। পুলিশ সদস্যরা প্রতিরোধ না করে মার খেয়েছেন। কেউ কেউ বলেছেন, পুলিশ সতর্ক থাকলেও ঘটনা এত দ্রুত ঘটে যায় যে, তা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিবিরের কর্মীরা খুব কম সময়ে ঘটনা ঘটিয়ে স্থান ত্যাগ করে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মতিঝিলে যা ঘটেছে, তা খুব কম সময়ের মধ্যে হয়েছে। তার পরও পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করেছে।তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সুযোগসন্ধানী কর্মকর্তারা নিজেদের ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে ভালো জায়গায় বদলি হয়েছেন। এখন সরকারের শেষ সময়ে এসে তাঁরা নিরাপদে সরে পড়তে চাইছেন। কেউ কেউ বলেছেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের কেউ কারও কথা শুনছেন না। এত দিন তাঁরা দলের নাম ভাঙিয়ে সুবিধা নিয়েছেন। এখন কোনো ঝামেলাতেই জড়াতে চান না। এ কারণে গা বাঁচিয়ে চলছেন। মাঠপর্যায়ে এরই প্রভাব পড়ছে।তবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার তা মানতে নারাজ। তিনি বলেন, পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে। তাই জামায়াত-শিবির সংগঠিত হয়ে কোনো হামলা করতে পারেনি, বিক্ষিপ্তভাবে হামলা চালাচ্ছে।সংসদীয় কমিটি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, প্রধানমন্ত্রী যখন সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা করছিলেন, তখন জামায়াত-শিবিরের কর্মীরা সচিবালয়ের চারপাশে ব্যাপক জ্বালাও-পোড়াও-ভাঙচুর চালান। পুলিশ তাঁদের প্রতিরোধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ কমিটিকে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের স্বাভাবিক পোশাক-পরিচ্ছদ, স্লোগানের বাণী ও পুরোনো কৌশল পরিবর্তন করে ভিন্ন রূপ ধারণ করেন। যে কারণে পুলিশের পক্ষে তাঁদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। জামায়াত-শিবিরের হামলা সম্পর্কে পুলিশের কাছে আগাম কোনো গোয়েন্দা তথ্য ছিল কি না, কমিটির এ প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার নীরব ছিলেন।প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে বেনজীর আহমেদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।বৈঠক শেষে কমিটির সদস্য মুজিবুল হক প্রথম আলোকে বলেন, সংসদীয় কমিটি জামায়াত-শিবিরের ব্যাপারে পুলিশকে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।