পুলিশের নিয়োগবিধি সংশোধনের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
পুলিশের নিয়োগ পরীক্ষা আরও স্বচ্ছ করতে পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগবিধি সংশোধনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে রাজধানীর যানজট কমাতে রাজধানীর সব রাস্তায় স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালু করতে বলেছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে, অধিকাংশ স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি নষ্ট থাকায় এগুলো কার্যকর করা সম্ভব হচ্ছে না। ফলে পুলিশকে হাতের ইশারাতেই সিগন্যাল বাতির কাজ করতে হচ্ছে।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি আবদুস সালাম এতে সভাপতিত্ব করেন। সভায় পুলিশের নিয়োগ পরীক্ষা সম্পর্কে উপকমিটির একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। মুজিবুল হকের নেতৃত্বে এ উপকমিটির সদস্য ছিলেন সফিকুল ইসলাম, সানজিদা খাতুন ও নুরুল ইসলাম সুজন।প্রতিবেদনে পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষার দীর্ঘসূত্রতা দূর করতে এবং পুলিশ বাহিনীর কাজের গতি আরও বৃদ্ধি করতে এ সুপারিশ করা হচ্ছে। পুলিশের কনস্টেবল ও উপপরিদর্শকের নিয়োগ পরীক্ষা বিশাল আকারে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রার্থীদের শারীরিক যোগ্যতা প্রথমে দেখতে হবে। উপপরিদর্শকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকেও গুরুত্ব দিতে হবে। তবে অনেক প্রার্থী থাকায় সামান্য লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে প্রার্থী নির্বাচন করা যেতে পারে। প্রতিবেদনে কনস্টেবল নিয়োগে লিখিত ৫০ নম্বরের পরিবর্তে ২৫ এবং মৌখিক ৫০ নম্বরের পরিবর্তে ২৫ নম্বর করার সুপারিশ করা হয়। আর উপপরিদর্শক পদে নিয়োগের জন্যও একই ধরনের সুপারিশ করা হয়েছে—বর্তমান ২০০ নম্বরের লিখিত পরীক্ষার পরিবর্তে ১০০ নম্বর করার সুপারিশ করা হয়েছে।সভায় মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য নির্ধারিত কোটায় চাকরি দেওয়ার ক্ষেত্রে পৃথক পরীক্ষাব্যবস্থা চালুর সুপারিশ করা হয়। কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, মুহম্মদ জমির উদ্দিন সরকার, মির্জা আজম, মো মুজিবুল হক, সানজিদা খানম ও মো. সফিকুল ইসলাম সভায় অংশ নেন।বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুস সালাম সাংবাদিকদের জানান, পুলিশে নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ ও সহজ করতে বলা হয়েছে। এ ছাড়া পুলিশ বাহিনীকে বিদেশি মিশনগুলোতে পাঠানোর ব্যাপারে স্বচ্ছতা আনার সুপারিশ করা হয়েছে। আর রাজধানীর যানজট নিরসনে স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি চালু করতে বলা হয়েছে।