পুলিশের পদোন্নতিতে মানবাধিকার কমিশনের সুপারিশ নিতে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের পদোন্নতির সময় তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে মানবাধিকার কমিশনের সুপারিশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে অনুরোধ জানানো হয়েছে।আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ অনুরোধ জানিয়েছেন। সাক্ষাত্ শেষে মিজানুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা মন্ত্রীকে বলেছি যে অতি উত্সাহী কিছু পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছেন বা এমন আচরণ করছেন, যা গ্রহণযোগ্য নয়। এ জন্য পুলিশের পদোন্নতির সময় তাঁদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে কমিশনের সুপারিশ নেওয়ার অনুরোধ করেছি। মন্ত্রীও তা সানন্দে গ্রহণ করেছেন।’মিজানুর রহমান আরও বলেন, ‘আমরা সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো মন্ত্রীকে অবহিত করেছি। এসব নিয়ে আমাদের উদ্বেগের কথা এবং এসব বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে মতবিনিময় হয়েছে। তবে এসব বিষয়ে মন্ত্রী যেসব পদক্ষেপের কথা বলেছেন, এতে আমরা বেশ সন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছি।’স্বরাষ্ট্রমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং কেউ আইন লঙ্ঘন করে পার পাবে না বলে কমিশনকে আশ্বাস দিয়েছে বলে জানান মিজানুর রহমান।কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সাগর-রুনি হত্যা, সাংবাদিক নির্যাতন, ইলিয়াস আলীর গুম, শ্রমিক নেতা আমিরুল হত্যা ও পুলিশের নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের একটি তালিকাও মন্ত্রীকে দিয়েছে কমিশন।ওই তালিকায় গুমের সংখ্যা জানতে চাইলে মিজানুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে প্রায় ২০টি গুমের ঘটনা ঘটেছে।