পুলিশের পিটুনিতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের পিটুনিতে নুরুল ইসলাম (৪৬) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানা ঘেরাও করেছে এলাকাবাসী। নুরুলের পরিবারের অভিযোগ, গত ২৭ সেপ্টেম্বর চাঁদার জন্য যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই তৌহিদুল ইসলাম তাঁকে পেটান। জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, নুরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে যাত্রাবাড়ীর বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী রাত আটটার দিকে মিছিল নিয়ে যাত্রাবাড়ী থানা ঘেরাও করেন। তাঁরা দোষী পুলিশ সদস্যের বিচারের দাবিতে স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টা পর থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী ফিরে যান।নুরুলের স্ত্রী পারুল বেগম সাংবাদিকদের বলেন, নুরুল যাত্রাবাড়ী চৌরাস্তায় জুতার দোকান দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদুল ইসলাম দোকান বসানোর জন্য নুরুলের কাছে চাঁদা চান। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২৭ সেপ্টেম্বর নুরুলকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়ে থানায় নিয়ে যান ওই এএসআই। স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও আহত হন। পরে তিনি ওই এএসআইকে সাড়ে চার হাজার টাকা ঘুষ দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনেন।পারুল বলেন, নুরুলকে ওই দিন স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা করিয়ে বাসায় নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে বুধবার তাঁকে কিডনি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ন্যায়বিচারের আশ্বাস দেওয়ায় এলাকাবাসী থানার সামনে থেকে ফিরে গেছে। তিনি বলেন, নুরুল মাদকাসক্ত ছিলেন, তাঁর কিডনিতেও সমস্যা ছিল। প্রতারণার অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। তবে তাঁর স্ত্রীর কান্নাকাটিতে তাঁকে পথেই ছেড়ে দেওয়া হয়। আটকের সময় হয়তো নুরুলকে চড়-থাপড় দেওয়া হয়েছে। এতে মারা যাওয়ার কথা নয়। তার পরও অভিযোগ প্রমাণিত হলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।