পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
পুলিশ বাহিনীর সদস্যদের অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’আজ রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের শিক্ষাসমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।পুলিশ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, বিভাগীয় শৃঙ্খলার ক্ষেত্রে কোনো রকম ছাড় না দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে।’আইনের শাসন, ন্যায়বিচার, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে সর্বোচ্চ পেশাদারি দৃষ্টিভঙ্গি দিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে নেওয়া শপথ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জীবন উত্সর্গ করে গেছেন। আমি চাই, তোমরা জাতির পিতার আদর্শ ধারণ করে জনগণের সেবায় নিজেদের উত্সর্গ করবে। যে বিপদগ্রস্ত মানুষটি তোমাদের কাছে আসছে, তার পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াবে। বিশেষ করে নারী ও শিশুর প্রতি যেন কোনো অবহেলা না হয়, সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখবে।’অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অপরাধের ধরন দ্রুত পাল্টাচ্ছে। আন্তর্জাতিক-আঞ্চলিক জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, সাইবার ক্রাইম, মানিলন্ডারিংসহ নতুন নতুন অপরাধ দমনে পুলিশ বাহিনীকে নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে। এ জন্য প্রশিক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।কুচকাওয়াজে ৩৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) অংশ নেন। এএসপি লিমন রায় কুচকাওয়াজে নেতৃত্ব দেন। অনুষ্ঠানে শাকিল আহমেদ হর্সম্যানশিপে সেরা এবং শেখ মো. আবদুল্ল¬াহ শিক্ষাক্ষেত্রে সেরা ম্যান কাপ গ্রহণ করেন।