পুলিশের প্রতি সমঝোতার আহ্বান খন্দকার মাহবুবের
মামলা-হামলায় না গিয়ে সমঝোতার মাধ্যমে সম্মানজনক সমাধানের দিকে যাওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আজ শুক্রবার আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।খন্দকার মাহবুব বলেন, ‘আপনাদের (পুলিশ) সঙ্গে আমাদের পেশাগত সম্পর্ক আছে। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অঙ্গনে আপনাদের সঙ্গে দুর্ব্যবহার হয়ে থাকলে তা আমরা দেখব। কিন্তু সুসম্পর্ক ব্যাহত হোক, তা আমরা চাই না। আর যদি মনে করেন, সময়ের সুযোগ নিয়ে আপনারা সরকারের কাছের লোক—এ অহমিকা দেখানোর জন্য হামলা-মামলা নাজেহাল করবেন, উসকানি দেবেন—এসব শুভ হবে না।’সাম্প্রতিক সময়ে আদালতের ঘটনা প্রসঙ্গে খন্দকার মাহবুব হোসেন বলেন, বিষয়টি এখন আইনজীবী বনাম পুলিশ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘সরকার যদি মনে করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের জেলখানা তৈরি করবে, তাহলে আমরা প্রস্তুত। একজন আইনজীবী সকালে ঢুকতে পারবেন কিন্তু বের হতে পারবেন না—তা হতে পারে না।’পুলিশের উদ্দেশে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘অযথা সুপ্রিম কোর্ট অঙ্গন উত্তপ্ত করবেন না। আসুন সমঝোতা করি।’ তিনি বলেন, সুপ্রিম কোর্টে সেদিন ভাঙচুর হয়নি। ভাঙচুর হলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মামলা হতো। কিন্তু মামলা করেছে পুলিশ।সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন জানান, আইনজীবী মোহাম্মদ আলীর জামিন আবেদন শুনানি করতে বিশেষ বেঞ্চ বসানোর আবেদন জানাতে তাঁরা প্রধান বিচারপতির কাছে যাবেন।উল্লেখ্য, হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির মামলা তদন্তে গিয়ে হাইকোর্ট এলাকায় আইনজীবীদের হাতে গতকাল লাঞ্ছিত হন শাহবাগ থানার উপপরিদর্শক এম এ জলিল। পুলিশ কর্মকর্তার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে আইনজীবী মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের জন্য গতকাল থেকে আদালত এলাকায় অবস্থান করছে বিপুলসংখ্যক পুলিশ। তবে ওই আইনজীবী কিছু সহকর্মীসহ গত রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অবস্থান করেন।হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর এবং সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক সোলায়মান হোসেন। ওই মামলার গতকাল বিএনপি সাংসদ ও আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আসামি গ্রেপ্তার করে পুলিশ।