দেশব্যাপী জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলা বেড়ে যাওয়ায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুলিশ বাহিনীর সদস্যদের অস্ত্র প্রশিক্ষণের ঝালাই আবার শুরু হয়েছে। দেশের সব জেলা ও মহানগর এলাকায় প্রত্যেক পুলিশ সদস্য পর্যায়ক্রমে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন।পুলিশ সূত্র জানায়, জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিচার-প্রক্রিয়াকে বানচাল এবং ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াত-শিবির দেশব্যাপী সশস্ত্র ও চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। হামলা মোকাবিলা করতে বেগ পাচ্ছেন পুলিশ সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে আবার প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। সূত্র আরও জানায়, অস্ত্র ও গোলাবারুদের সর্বোচ্চ ব্যবহার কীভাবে নিশ্চিত করা যায়, তা আবার শিখে নিচ্ছেন পুলিশ সদস্যরা। বিশেষ করে দাঙ্গা দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত, সরকারি ও সাধারণের জানমালের নিরাপত্তা বিধান করা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণসংক্রান্ত বার্তা প্রতিটি জেলা ও মহানগর এলাকার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের জানানো হয়েছে।জানতে চাইলে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ আছে। সম্প্রতি সশস্ত্র ও চোরাগোপ্তা হামলা বেড়ে যাওয়ায় পুলিশ সদস্যদের আরও কৌশলী এবং পেশাদারি মনোভাব বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে পুলিশের মনোবল আরও চাঙা এবং আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রতিটি সদস্যের প্রশিক্ষণ ঝালাই করানো হচ্ছে।’ প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা জানান, দাঙ্গা দমনে অস্ত্রের সঠিক ব্যবহার এবং কাঁদানে গ্যাসের শেল কীভাবে নিক্ষেপ করতে হয়, তা শেখানো হচ্ছে। গুলি ও গ্যাসের কোনো শেলের অপপ্রয়োগ যেন না হয়, সেটার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশিক্ষণে। পুলিশ সদস্যরা আরও জানান, জামায়াত-শিবির সম্প্রতি পুলিশের ওপর যেভাবে সশস্ত্র হামলা শুরু করেছে, তা সহজভাবে মোকাবিলা করতে এ প্রশিক্ষণের বিকল্প নেই। জানমালের নিরাপত্তার জন্য এ প্রশিক্ষণ সময়োপযোগী বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মন্তব্য করেন।নোয়াখালী জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাসংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য আমরা পুলিশের প্রতিটি সদস্যকে অস্ত্র পরিচালনা প্রশিক্ষণের আওতায় আওতায় এনেছি। নোয়াখালীতে কর্মরত সাড়ে তিন হাজার পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রতি শুক্রবার এ বিষয়ে শ্রেণীকক্ষে পাঠদানও শুরু হয়েছে।’ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি একটি রাজনৈতিক দলের সহিংস হামলা মোকাবিলায় আমরা ১০ ফেব্রুয়ারি থেকে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু করেছি। প্রশিক্ষণে অস্ত্র ও গোলাবারুদের উপযুক্ত ব্যবহার এবং কৌশলের দিকটি আমরা গুরুত্ব দিচ্ছি।’