পুলিশের বাধা, অনশন করতে পারেনি বেকার নার্সদের সংগঠন
কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের আমরণ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু সংগঠনটির কর্মীরা বেলা ১১টার দিকে সেখানে জড়ো হলে পুলিশ তাদের হটিয়ে দেয়। তখন পুলিশ সংগঠনটির নেতা-কর্মীদের টানাহ্যাঁচড়া ও লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে ওই নার্সরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন।সংগঠনটির মূল দাবি হচ্ছে, এতদিন তাদের নিয়োগ ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে হতো। সরকারও সেভাবেই নিয়োগ হবে বলে জানিয়েছিল। গত বছরের ৩১ ডিসেম্বর এক সরকারি আদেশে জানানো হয়, মন্ত্রিসভার বৈঠকের আলোকে নিয়োগে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।এই নার্স সংগঠনটির নেতাদের অভিযোগ, কোটা পদ্ধতি থাকলে অনেকে বাদ পড়বে এবং কমপক্ষে ১৯টি জেলার প্রার্থীরা নিয়োগ পাবে না। এরই প্রতিবাদে তারা আমরণ অনশন পালনের সিদ্ধান্ত নেয়। তারা আরও জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালনের লিখিত অনুমতিপত্র তাদের কাছে রয়েছে। এ ব্যাপারে পুলিশ জানায়, নার্সদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে নার্সদের নিরাপত্তার জন্য গিয়েছিল। তবে পুলিশ অভিযোগ করেছে, যেহেতু নার্সরা রাস্তা দখল করেছিল তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। লিখিত অনুমতিপত্র প্রসঙ্গে পুলিশ বলে, তাদের কাছে একটি লিখিত পত্র আছে, তবে আরেকটি অনুমতিপত্র দরকার ছিল, যেটি তাদের কাছে নেই। পুলিশ আরও জানায়, এখন আন্দোলনরত বেকার নার্সরা মুক্তাঙ্গনে আমরণ অনশন কর্মসূচির অনুমতি আনতে গিয়েছে। সেটা আনা পর্যন্ত তারা জাদুঘরের সামনে অবস্থান করতে পারবে। তবে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি তাসলিমা বেগম ও মহাসচিব ইকবাল হোসেন অভিযোগ করেন, পুলিশ তাদের শহীদ মিনার থেকে উঠিয়ে দিয়েছে ও বিশেষ করে মেয়েদের নাজেহাল করেছে।