পুলিশের বাধার পরে সোহরাওয়ার্দীতে শিক্ষকদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের বাধার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমরণ অনশন করছেন।আজ শুক্রবার সকাল ১০টার দিকে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন। কিন্তু পুলিশ তাঁদের কর্মসূচিতে বাধা দেয়। খবর ইউএনবির।নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি এশারত আলী বলেন, পুলিশ শহীদ মিনারের কর্মসূচিতে বাধা দেওয়ায় তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি শুরু করেছেন। তিনি বলেন, কাল শনিবার তাঁরা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবেন। যত দিন পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, তত দিন শিক্ষক-কর্মচারীরা ঘরে ফিরে যাবেন না বলে জানান তিনি।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এ ধরনের কর্মসূচির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাধা দিয়েছে পুলিশ। তবে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি দাবি করেন, আমরণ অনশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে আগে অনুমতি নেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তরল গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। গত বুধবারও জাতীয় প্রেসক্লাব এলাকায় পূর্বঘোষিত শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির সময় পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ হয়েছে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে তিন দিন ধরে তাঁরা অবস্থান ধর্মঘট ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।