পুলিশের বাধায় জামায়াতের মিছিল-সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে জুলুম-নির্যাতন চলছে—এই অভিযোগে আজ বৃহস্পতিবার সারা দেশে জুলুম-নির্যাতন প্রতিরোধ দিবস ডেকেছিল জামায়াতে ইসলামী। এ উপলক্ষে সারা দেশে সমাবেশ, মিছিল ও আলোচনা সভার ডাক দিয়েছিল দলটি। কিন্তু রাজধানীতেই এই কর্মসূচি পালন করতে পারেনি তারা। পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে জামায়াতের সমাবেশ, মিছিলের কর্মসূচি।আজ বিকেল পাঁচটায় পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে জমায়েত হতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছিল জামায়াত। নির্দেশ অনুযায়ী নেতা-কর্মীরা নির্ধারিত সময়ের আগেই আশপাশের এলাকায় অবস্থান নেয়। বিপুলসংখ্যক পুলিশও একই সময় বক্স কালভার্ট রোডে অবস্থান নেয়। তারা বক্স কালভার্ট রোডে কাউকে জমায়েত হতে দেয়নি।বিকেল সোয়া পাঁচটার দিকে জামায়াতের সাংসদ হামিদুর রহমান, মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি নূরুল ইসলাম, আবদুল হালিম প্রমুখ ঘটনাস্থলে আসেন। এ সময় মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মইনুল হক নেতাদের সঙ্গে কথা বলেন। পুলিশ এলাকা ছেড়ে যেতে জামায়াতের নেতাদের অনুরোধ করে।জামায়াতের সাংসদ হামিদুর রহমান এ সময় পুলিশ কর্মকর্তা মইনের সঙ্গে কথা বলেন। তিনি নেতা-কর্মীদের চলে যেতে বলার জন্য তাঁদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে অনুরোধ করেন। উপপুলিশ কমিশনার মইনুল হক এ সময় বলেন, ‘স্যার, অনুমতি নেই।’ পরে হামিদুর রহমান বলেন, ‘মুক্তাঙ্গন, পল্টন ময়দানের মতো জায়গায় সমাবেশ করতে অনুমতি লাগে। কিন্তু এখানে তো লাগে না। জনপথ মানে জনগণের রাস্তা। এখানে সমাবেশ করতে তো অনুমতি লাগে না। এখন তো জরুরি আইন নেই, সরকার তো আইন করে সমাবেশ-মিছিল নিষিদ্ধ করেনি। আর ১৪৪ ধারাও তো জারি করেনি যে, আপনারা বাধা দেবেন।’পুলিশ কর্মকর্তা মইনুল হক আবারও বলেন, ‘স্যার, পুলিশ কমিশনারের অনুমতি নেই। সবাইকে চলে যেতে বলেন।’এরপর জামায়াতের সাংসদ হামিদুর রহমান হ্যান্ডমাইকে উপস্থিত কয়েকজন নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সারা দেশে জুলুম-নির্যাতনের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচির আয়োজন করেছিলাম। কিন্তু আমরা আজ জুলুমের শিকার হলাম।...আমাদের অধিকার আছে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর।’ এরপর তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে যার যার এলাকায় চলে যান। কোনো মিছিল হবে না।’ এরপর পুলিশ জামায়াতের নেতা-কর্মীদের পাহারা দিয়ে পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয় পর্যন্ত দিয়ে আসে।পুলিশ চলে আসার পর সেখানে মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা পুলিশের এই আচরণের ধিক্কার জানাই। আমাদের ৭০০ নেতা-কর্মী জেলে আছেন। এদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গ্রেপ্তার করে, রিমান্ডে নিয়ে আন্দোলন ঠেকানো যাবে না।