পুলিশের বাধায় শাহবাগে মিছিল করতে পারেনি ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে পুলিশের বাধায় মিছিল করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। পরে তারা পল্টনে গিয়ে সমাবেশ করে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিনসহ অন্যদের মুক্তির দাবিতে ছাত্রদল এ মিছিল বের করেছিল। ছাত্রদল অভিযোগ করেছে, শাহবাগে পুলিশের হামলায় তাদের চার কর্মী আহত হয়।আজ শনিবার বেলা ১১টার দিকে ছাত্রদল মিছিলটি বের করে। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম এতে নেতৃত্ব দেন। কিন্তু মিছিলটি শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয় এবং একপর্যায়ে লাঠিপেটা করে। পরে ছাত্রদল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে। ছাত্রদল সূত্রে জানা গেছে, পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের তেজগাঁও কলেজ সভাপতি মিজানুর রহমান রাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী তুষার, সুমন ও সিদ্ধার্থ আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই কর্মীকে আটক করলেও পরে ছেড়ে দেয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ছাত্রদলের ওপর লাঠিপেটার ঘটনা অস্বীকার করেছেন।ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শাহবাগ ও হাতিরপুলে শত শত পুলিশ যুদ্ধংদেহী অবস্থানে ছিল। কোনো কারণ ছাড়া তারা হামলা চালালে সংগঠনের চারজন কর্মী আহত হয়। পরে বাধ্য হয়ে পল্টনে আমরা কর্মসূচি পালন করি। কিন্তু এভাবে বাধা দিয়ে লাভ নেই। দমন-নিপীড়ন চালিয়ে ছাত্র আন্দোলন দমিয়ে রাখা যাবে না।’