পুলিশের বাসায় ফেনসিডিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রফিকুল ইসলামের বাসা থেকে আজ শনিবার ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শিবচর থানা জানায়, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে পাঁচ্চর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিকুল ইসলামের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাসার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় ১৯৫ বোতল ফেনসিডিল। অভিযান চলার সময় ওই পুলিশ সার্জেন্ট বাসায় ছিলেন না। তাঁর গাড়িচালক ও বাসার কাজের বুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সার্জেন্ট মো. রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার বাসায় ফেনসিডিল থাকা বা পাওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। আমি পারিবারিক কাজে ঢাকায় আছি।’শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক পিপিএম বলেন, এ ব্যাপারে মাদারীপুর জেলা সহকারী পুলিশ সুপার মো. রাসেল শেখকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।মো. রাসেল শেখ বলেন, সার্জেন্টের বাসা থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনার তদন্ত প্রতিবেদন খুব অল্প সময়ের মধ্যে পেশ করা হবে।