পুলিশের বাসায় রোমেলাকে খুন্তির ছ্যাঁকা!
মানুষ দেখলেই ভয়ে জড়োসড়ো হয়ে যাচ্ছে রোমেলা খাতুন (১০)। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকছে, কথা বলছে না সহজে। রোমেলার অবস্থান এখন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে।দুবেলা পেট পুরে খেতে পারবে, এ আশায় রোমেলাকে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বাসায় কাজ করতে পাঠান তার গরিব বাবা-মা। অভিযোগ পাওয়া গেছে, ওই দম্পতি তার ওপর চালিয়েছে নির্মম নির্যাতন। গরম পানি ঢেলে পুড়িয়ে দিয়েছে রোমেলার পুরো শরীর। গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছে তার মুখে, পিঠে। গুরুতর অবস্থায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, রোমেলাদের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের গোটেংরা গ্রামে। বাবা মো. ইয়াজ উদ্দিন দিনমজুর। মা অন্যের বাড়িতে কাজ করেন। তিন ভাইবোনের মধ্যে রোমেলা সবার ছোট।ইয়াজউদ্দিন জানান, অভাব-অনটনে তাঁর সংসার চলে টেনেটুনে। সন্তানদের ঠিকমতো খাওয়াতে পড়াতে পারেন না। চলতি বছরের মার্চ মাসে পাশের গ্রামের আনছার আলী রোমেলার জন্য জেলার বেড়া উপজেলার নান্দিয়ারা গ্রামের মো. শাহেদ আলীর বাসায় কাজ ঠিক করেন। শাহেদ আলী পুলিশের উপপরিদর্শক (এসআই)। তিনি চট্টগ্রামের সিতাকুণ্ডু থানায় কর্মরত আছেন। কাজের জন্য শাহেদ আলী রোমেলাকে সিতাকুণ্ডু নিয়ে যায়। এ সময় রোমেলার বাবাকে তিনি একটি মুঠোফোন নম্বর দিয়ে ওই নম্বরে মেয়ের খোঁজখবর নিতে বলেন। কিন্তু রোমেলাকে নিয়ে যাওয়ার পর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যায়। গত সাত মাসে বিভিন্নভাবে মেয়ের খোঁজ জানার চেষ্টা করে ব্যর্থ হন ইয়াজউদ্দিন। পরে তিনি বিষয়টি আনসার আলীকে জানান। এরপর আনসার আলী পুলিশ দম্পতির সঙ্গে রোমেলার বাবার যোগাযোগ করিয়ে দেন। রোমেলার বাবা মেয়েকে ফেরত চাইলে ওই পুলিশ কর্মকর্তা প্রথমে দিতে অস্বীকৃতি জানান। তবে পরে এলাকাবাসীর চাপে গত বুধবার সন্ধ্যায় অসুস্থ রোমেলাকে তাঁর বাবার কাছে তুলে দেন ওই পুলিশ কর্মকর্তা।আজ শুক্রবার হাসপাতালে গিয়ে দেখা যায়, রোমেলা চুপচাপ শুয়ে আছে হাসপাতালে শয্যায়। মানুষ দেখলেই ভয় পাচ্ছে সে। তার পুরো শরীরে ক্ষত। মাথার চুল উঠে গেছে। মুখ, পিঠ, ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে ঘা সৃষ্টি হয়েছে। রোমেলা প্রথম আলোকে বলে, ‘শাহেদ আলীর স্ত্রী সুইটি বেগম আমাকে সব সময় মারপিট করত। রুটি সেঁকা খুন্তি ও চামচ গরম করে পেটাত। কয়েকবার আমার গায়ে গরম পানি ও গরম তরকারি ঢেলে পুড়িয়ে দিয়েছে। একবার পিটুনিতে মুখ কেটে গেলে সুইটি বেগম সুঁই-সুতা দিয়ে কাটা জায়গা সেলাই করে দেয়।’রোমেলার বাবা ইয়াজউদ্দিন অভিযোগ করেন, নির্যাতনের বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে পুলিশ দম্পতি মেয়েটির সঙ্গে তাঁদের যোগাযোগ করতে দিতেন না।হাসপাতালের দায়িত্বরত চিকিত্সক ফাইরোজ বেগম প্রথম আলোকে বলেন, ‘তাপজনিত কোনো কারণে মেয়েটির শরীরে ঘা তৈরি হয়েছে। বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। চিকিত্সা দিলে ঘা সেরে যাবে। কিন্তু মেয়েটির শরীরে যে দাগ সৃষ্টি হয়েছে তা সহজে মিলবে না।’রোমেলার প্রতিবেশী আজিজ খান বলেন, ‘আমরা মেয়েটিকে দেখার পর মর্মাহত হয়েছি। মেয়েটির বাবা গরিব। তিনি থানা-পুলিশ করতে পারবেন না। কিন্তু আমরা এর বিচার চাই।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই শাহেদ আলী প্রথম আলোকে বলেন, ‘মেয়েটিকে কোনো নির্যাতন করা হয়নি। বাজার থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় সে আহত হয়েছে। এ ছাড়া পানি গরম করার সময় গরম পানি পড়ে তার শরীর পুড়ে যায়। আমরা তাকে চিকিত্সা দিচ্ছিলাম।’পাবনার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতব্বর বলেন, পুলিশ বিষয়টি জানতে পেরেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।