পুলিশের বিকল্প সেনাবাহিনী নয়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ‘নির্বাচনে আমরা সেনাবাহিনী দিতে চাই না। সেনাবাহিনী আমাদের লাস্ট রিসোর্ট। কারণে-অকারণে এ বাহিনীকে চাওয়া ঠিক না। এবারও আমরা বিরক্ত হয়ে সেনাবাহিনী নিয়োগ করেছি।’ প্রশাসন ও পুলিশের বিকল্প হিসেবে সেনাবাহিনীকে দাঁড় না করানোর আহ্বান জানিয়ে শামসুল হুদা বলেন, বিকল্প দাঁড় করানোর কোনো যুক্তি হতে পারে না। জাতির বৃহত্তর স্বার্থে ও দীর্ঘ মেয়াদে তা সুফল বয়ে আনবে না।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘স্থানীয় সরকার নির্বাচন: গণপ্রত্যাশা ও গণমাধ্যম’ শীর্ষক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন ভোটারদের নির্ভয়ে তাঁদের পছন্দসই যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে পেরেছেন। তাই দেশের চার বিভাগে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে তীব্র শীত উপেক্ষা করে প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারলেই ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি অনেক বেড়ে যায়। কমিশন ভোটারদের এই আস্থার পরিবেশ নিশ্চিত করতে পেরেছে। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে সঠিক প্রার্থী নির্বাচনে ভুল করে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম। আলোচক হিসেবে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক আবুল মনসুর আহমদ, অধ্যাপক জাহিদা রহমান খান, অধ্যাপক শেখ আবদুস সালাম, সিনেটের সদস্য সুভাষ সিংহ রায় প্রমুখ।শামসুল হুদা বলেন, স্থানীয় সরকার দেশের গণতন্ত্র ও রাজনীতির গুরুত্বপূর্ণ সোপান। তাই স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র সুসংহত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন সত্ ও যোগ্য প্রার্থী বাছাইয়ে আইনি সংস্কার এনেছে, কিন্তু তৃণমূলের মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকেও প্রার্থী বাছাই করতে হবে।নারীর ক্ষমতায়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে নারীপ্রার্থী বাছাইয়ে জোর দেওয়ার আহ্বান জানিয়ে সিইসি এ পর্যন্ত মেয়র পদে বিজয়ী একমাত্র নারীপ্রার্থী চারঘাটের নার্গিস খাতুনকে অভিনন্দন জানান।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, পৌর নির্বাচন প্রমাণ করেছে, নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই। কিন্তু দেশে যারাই বিরোধী দল থাকে, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করা তাদের সংস্কৃতি হয়ে গেছে। বাসস।