পুলিশের বিরুদ্ধে করা বিএনপির মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ভাংচুর, নেতাকর্মীদের মারধর এবং চুরি ও লুটতরাজের অভিযোগে পুলিশের বিরুদ্ধে করা নালিশি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদন করেন। মহানগর হাকিম হারুন-অর-রশীদ মামলা করার ক্ষেত্রে যথাযথ কর্তপক্ষের অনুমতি না থাকায় তা খারিজ করে দেন।আদেশে বলা হয়, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। তাই ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারা অনুসারে নালিশি মামলাটি খারিজ করা হলো।মামলায় পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী উপপুলিশ কমিশনার (এডিসি) মেহেদী হাসান ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেনসহ অজ্ঞাত পাঁচ শতাধিক পুলিশ সদস্যকে আসামি করা হয়। মামলায় রুহুল কবীর রিজভী, আমান উল্লাহসহ ১৪ জনকে সাক্ষী করা হয়। বাদীপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, সানাউল্লাহ মিয়া, মাসুদ তালুকদার, গোলাম মোস্তফা খান, খোরশেদ মিয়া আলম প্রমুখ। মামলায় অভিযোগ করা হয়, গত সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষ হতে না হতেই চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। ফলে সমাবেশ পণ্ড হয়ে যায়। এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ বিএনপি কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালায় নেতা কর্মীদের গ্রেপ্তার করে এবং ভাংচুর করে। এছাড়া পুলিশ কার্যালয়ের বিভিন্ন কক্ষের দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। বিএনপি কার্যালয় থেকে বিভিন্ন কক্ষগুলোর দরজা ভেঙ্গে ১৫৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। পরের দিন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্মসচিব আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়। থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করায় আদালতে এ মামলা করতে বাধ্য হলেন।