পুলিশের বিরুদ্ধে দুদকের তদন্ত শেষ হচ্ছেই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২০ অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দেড় বছরের বেশি সময়েও উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্ধারিত সময় অনেক আগে পেরিয়ে গেলেও বেশির ভাগ ক্ষেত্রেই অনুসন্ধান চলছে। দুদকের আইন অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যেই অভিযোগের অনুসন্ধান শেষ হওয়ার কথা। এ সময়ের মধ্যে শেষ না হলে অনুসন্ধানকারী কর্মকর্তা আরও ১৫ কার্যদিবস সময় নিতে পারেন। কিন্তু অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের ক্ষেত্রে এক বছরের বেশি (কারও ক্ষেত্রে দুই বছরের বেশি) সময় ধরে অনুসন্ধান চলছে। মামলা দায়েরের সুপারিশ করে কয়েকটি প্রতিবেদন জমা পড়লেও এ বিষয়ে অগ্রগতি কম। মামলা হয়েছে মাত্র একজন পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে। অনুসন্ধান শেষে থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কমিশনার এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘অনুসন্ধানাধীন বিষয়ে কোনো তথ্য দেওয়া ঠিক হবে না। পুলিশের বিরুদ্ধে চালু হওয়া ফাইলগুলোর কী অবস্থা খোঁজখবর নিয়ে দেখছি।’দুদক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ১০ মার্চ থেকে রাজধানীর দারুস সালাম থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ ও উপপরিদর্শক (এসআই) হেকমত আলীর বিরুদ্ধে অনুসন্ধান করছেন দুদক উপপরিচালক খায়রুল হুদা। এখনো তাঁদের সম্পদের হিসাব বিবরণী যাচাই-বাছাই চলছে।দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন গত বছরের ২ জুন সিআইডির পুলিশ সুপার রফিকুল ইসলামের কথিত অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেন। তিনি মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দিলেও এখনো মামলা হয়নি।উপপরিচালক মোনায়েম হোসেন খিলগাঁও জোন এসবির এসআই শাহ আলম মোল্লার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেন গত বছরের ৩০ মার্চ। একাধিকবার প্রতিবেদন জমা দিলেও বিষয়টি নিয়ে আজও ‘ক্যোয়ারি’ চলছে।উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম গত বছরের ১০ মার্চ পুলিশ সদর দপ্তরের পরিদর্শক আজিজুর রহমানের অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান শুরু করেন। তিনি মাস ছয়েক আগে কমিশনে প্রতিবেদন জমা দিয়েছেন। ২০১০ সালের ৬ জুলাই থেকে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদুজ্জামান অনুসন্ধান করছেন সদরের এএসপি আবদুস সালামের দুর্নীতির বিষয়ে। বিষয়টি নিয়ে জমা দেওয়া প্রতিবেদনের ওপর ‘ক্যোয়ারি’ চলছে বলে দুদক সূত্র জানায়। গত বছরের ১৫ নভেম্বর থেকে পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরীর স্ত্রী মোবাশ্বেরা শহীদের বিরুদ্ধে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিয়েছেন কমিশনের সহকারী পরিচালক জালাল উদ্দিন। ২০১০ সালের ১৯ নভেম্বর থেকে কেরানীগঞ্জ থানার সাবেক ওসি মুস্তাফিজুর রহমান খানের বিরুদ্ধে অনুসন্ধান করেন সহকারী পরিচালক আনোয়ারুল হক। গত ৮ মার্চ এ বিষয়ে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হয়।দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চলার আরও কয়েকটি নজির রয়েছে। পুলিশ সার্জেন্ট আজহার উদ্দিনের বিরুদ্ধে প্রায় সাত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মাস দুয়েক আগে মামলা করেছে দুদক। এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খানের (বর্তমানে প্রত্যাহার) ফাইল। প্রায় দেড় বছর অনুসন্ধান চালানোর পর রমনা থানার সাবেক ওসি ও একই জোনের বর্তমান সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগ ছিল। দুদকের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে দুদকের কিছু কর্মকর্তার ‘ব্যক্তিগত আঁতাতের’ কারণে এসব বিষয় ঝুলে গেছে।এই অভিযোগ জানালে কমিশনার বদিউজ্জামান বলেন, ‘সুস্পষ্ট অভিযোগ ছাড়া এসব বিষয়ে কথা বলা ঠিক হবে না।’