পুলিশের বিরুদ্ধে ফারুকের ক্ষতিপূরণ মামলা খারিজ
পুলিশের বিরুদ্ধে করা বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ১০ কোটি টাকা মানহানির ক্ষতিপূরণের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ শাহরিয়ার কবির এই আদেশ দেন।এই মামলা গ্রহণ করা হবে কিনা এই বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ। শুনানি শেষে বিচারক মামলা চলার মত কোনো কারণ বিদ্যমান না থাকায় খারিজ করে দেন। এর আগে মানহানির অভিযোগে করা মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়। তা প্রত্যাখ্যান করে পুন:তদন্তের আবেদন করা হলে আদালত তাও নাকচ করে দেন।১০ কোটি টাকা মানহানির ক্ষতিপূরণ চেয়ে গত বছরের ৪ অক্টোবর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এই মামলা করেছিলেন। মামলায় স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার বিপ্লব সরকার, গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সহকারী পুলিশ কমিশনার ওবায়দুল হক ও তেজগাঁও জোনের তত্কালীন এডিসি হারুন অর রশিদসহ সাতজনকে বিবাদী করা হয়। ২০১১ সালের ৬ ও ৭ জুলাই বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সকালে ফারুকের ওপর পুলিশ হামলা করে। পুলিশের লাঠির আঘাতে ফারুকের মাথা ফেটে রক্তাক্ত হয়। শরীরের বিভিন্ন অংশে কেটেও যায়। ওই ঘটনায় দায়ের করা মানহানির মামলায় গত বছরের ১২ আগস্ট গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার মো. ওবায়দুল হক আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, আঘাতকারী পুলিশকে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়, জয়নাল আবেদীন পুলিশকে গালি দিয়ে বলেন, ‘তুই কি অ্যাকশন নিবি শালা মালাউনের বাচ্চা, এর পর বিপ্লব সরকার তাঁকে “চড়াইয়া দাঁত ফালাইয়া দেব কুত্তার বাচ্চা” গালি দেন।ফারুকের আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, প্রকাশ্য দিবালোকে পুলিশ বিরোধী দলীয় নেতা জয়নাল আবেদীনকে পেটাল। টেনে হিঁচড়ে তাঁর জামা ছিঁড়ে ফেলা হলো। বিভিন্ন গণমাধ্যমে তা প্রচার হলো। অথচ পুলিশ তদন্ত করে এসব কিছুই পায়নি। আদালতে এসেও আমাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে।