পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলায় গতকাল মঙ্গলবার পুলিশের এক কর্মকর্তা এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজালালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এদিকে, পাবনা জজ আদালতের হাজতখানায় গতকাল সকালে পুলিশ এক আসামিকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল হোসেন (৩০) নামের ওই আসামিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।বরিশাল: ওই গৃহবধূ ও সংশ্লিষ্ট এলাকাবাসীর সূত্রমতে, হিজলা উপজেলার বাহেরচর গ্রামের এক গৃহবধূ পাসপোর্ট করার জন্য সম্প্রতি আবেদন করেন। এ জন্য তথ্য যাচাইয়ের দায়িত্ব পান এসবির এএসআই শাহজালাল। তিনি গতকাল হিজলা উপজেলা ডাকবাংলোয় গিয়ে ওই গৃহবধূকে সেখানে আসতে বলেন। দুপুর ১২টার দিকে গৃহবধূ অপর এক নারী সঙ্গীকে নিয়ে ডাকবাংলোয় যান। এ সময় এএসআই শাহজালাল কৌশলে গৃহবধূর সঙ্গে আসা নারীকে ডাকবাংলো থেকে বের করে দেন। একপর্যায়ে শাহজালাল ওই গৃহবধূকে জড়িয়ে ধরেন এবং অনৈতিক কাজের চেষ্টা করেন। তখন গৃহবধূ চিৎকার দিলে তাঁর সঙ্গে আসা নারী স্থানীয়দের ডেকে নিয়ে ডাকবাংলোর কক্ষ ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূ ও এএসআই শাহজালালকে উদ্ধার করে।এ ব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আনোয়ার প্রথম আলোকে বলেন, ওই গৃহবধূ এএসআই শাহজালালের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেছেন। বিষয়টি পুলিশ সুপারকে (এসপি) জানানো হয়েছে।এসপি দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে এএসআই শাহজালালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।পাবনা: আদালত সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেনের বাড়ি পাবনা সদর উপজেলার মাহমুদপুর গ্রামে। ২০১০ সালের ১৩ আগস্ট একটি অস্ত্র মামলায় তিনি গ্রেপ্তার হন। মামলার শুনানির জন্য তাঁকে কারাগার থেকে জজ আদালতে আনা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে উজ্জ্বলকে আদালতের হাজতখানায় আনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাঁর পরিবারের সদস্যরা সেখানে তাঁকে খাবার দিতে গেলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দায়িত্বরত পুলিশের হাবিলদার মোসলেম উদ্দিন ক্ষিপ্ত হয়ে উজ্জ্বলকে বেধড়ক পেটানো শুরু করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর আবার তাঁকে আদালতে নিয়ে আসা হয়। কিন্তু তিনি আবার অসুস্থ হয়ে পড়ায় শুনানি হয়নি। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।উজ্জ্বলের স্ত্রী বাসনা খাতুন অভিযোগ করেন, পুলিশ সদস্য তাঁর স্বামীকে এলোপাতাড়ি পেটান ও লাথি মারেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁদের (আত্মীয়স্বজন) আর উজ্জ্বলের কাছে যেতে দেওয়া হয়নি।পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফরুক মিয়া জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরই উজ্জ্বলকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। এ সময় উজ্জ্বল জানান, বুট দিয়ে তাঁর মাথায় লাথি মারা হয়েছে।এ প্রসঙ্গে পুলিশের আদালত পরিদর্শক রবিউল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, পুলিশের এক সদস্যের সঙ্গে ওই আসামির তর্কাতর্কি হয়েছে। তবে মারধরের কোনো বিষয় আমার জানা নেই।’পাবনার এসপি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।