পুলিশের বিরুদ্ধে হয়রানি ও অর্থ-বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান হত্যা মামলার আসামি গ্রেপ্তারের নামে পুলিশের বিরুদ্ধে বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হয়রানি ও অর্থ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। পুলিশের হয়রানির ভয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছেন।পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ কুতুব উদ্দিন বলেন, ‘ছাত্রদলের নেতা মাহবুবুর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মারুফ একদল পুলিশসহ গত ২১ আগস্ট রাতে শহরের নিজনান্দুয়ালী গ্রামে আমার বাড়িতে গিয়ে আমাকে খুঁজতে থাকেন। ওই সময় আমাকে না পেয়ে দারোগা মারুফ গালাগাল করতে থাকেন। আমাকে থানায় হাজির হতে বলেন; না হলে ওই হত্যা মামলায় ঝুলিয়ে দেবেন বলে হুমকি দেন। ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছি।’জেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন মুঠোফোনে ঢাকা থেকে বলেন, ‘কুতুব উদ্দিনের বাড়ি যেদিন পুলিশ গিয়েছিল, ওই রাতে পুলিশ আমার বাড়িতে গিয়ে আমাকে খোঁজাখুঁজি করে। হয়রানির ভয়ে ঢাকায় চলে এসেছি।’শহরে দোয়ারপাড়ের অধিবাসী যুবদলের নেতা ও ঠিকাদার মাসুদুর রহমান অভিযোগ করেন, ব্যবসায়িক কাজে তাঁকে প্রায়ই বাইরে থাকতে হয়। তাঁর স্ত্রী একমাত্র শিশুকন্যাকে নিয়ে একা বাসায় থাকেন। ২৩ আগস্ট তিনি খুলনায় ছিলেন। ওই দিন রাতে তদন্তকারী কর্মকর্তা মারুফ ৮-১০ জন পুলিশ নিয়ে তাঁর বাসায় যান। গভীর রাতে বাড়িওয়ালা প্রধান ফটকের তালা না খোলায় দারোগা মারুফ ও তাঁর সঙ্গীরা দেয়াল টপকে ওপরে উঠেন। তাঁরা তাঁর স্ত্রী-সন্তানকে ডেকে তুলে তল্লাশির নামে বাড়ি তছনছ করেন। ওই ঘটনার পর শিশুকন্যাটির মানসিক সমস্যা দেখা দিয়েছে। সে লোকজন দেখলেই ভয় পাচ্ছে।সদর উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক খান হাসান ইমাম বলেন, মাহবুবুরের হত্যাকাণ্ডের পর প্রতিদিনই কোনো না কোন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে।জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, ওই খুনের ঘটনায় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের হয়রানি ও অর্থ-বাণিজ্যের লোভে তদন্তের নামে ওই সব ঘটনা ঘটাচ্ছে।অভিযোগ প্রসঙ্গে মাহবুবুরের হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মারুফুর রশীদ বলেন, মামলার তদন্তের স্বার্থে পুলিশ বিভিন্ন জায়গায় যাচ্ছে। তাঁরা যদি ভালো লোক হবেন, তাহলে কেন পলাতক রয়েছেন। দোষী ব্যক্তিরা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অর্থ-বাণিজ্যসহ নানা অভিযোগ তোলেন। এটা নতুন কিছু নয়।ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সুজায়েত ইসলাম বলেন, ‘যদ্দুর জানি, সুনির্দিষ্ট অভিযোগে সাতজনের নামে মামলা হয়েছে। এ ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার অন্য কাউকে হয়রানি করার কথা নয়। আমি বিষয়টি দেখব।’উল্লেখ্য, ১৭ আগস্ট রাতে মাহবুবুর খুন হন। ঘটনার পর মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উদ্দিন খান বলেছিলেন, বিএনপির নেতা হাবিব ও স্বেচ্ছাসেবক দলের নেতা হারুন খুনের ঘটনা ঘটিয়েছে। হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের ঘটনায় নিহত মাহবুবুরের বড় ভাই সাজ্জাদ হোসেন বাদী হয়ে বিএনপির নেতা হাবিবুর রহমান বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, তাঁর দুই ভাই দারুল বিশ্বাস ও রাজুল বিশ্বাস, ওয়াজেদ আলী, বিএনপির নেতা ও ঠিকাদার আনোয়ার হোসেন আনু ও জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেন।