পুলিশের বিরুদ্ধে ‘বোঝাপড়ার’ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্র হত্যার চার দিন পরও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের কোনো তৎপরতা নেই। এই অভিযোগ নিহত ছাত্রদের স্বজনদের।গতকাল শুক্রবার বড়দেশী গ্রামের একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেছেন, ‘থানার সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে, পুলিশ আর বিরক্ত করবে না।’এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলারই তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশের তদন্তকাজ চলছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের সঙ্গে গ্রামবাসীর বোঝাপড়ার অভিযোগ সম্পর্কে এই কর্মকর্তার দাবি, ‘এ সবই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। পুলিশ কাজ করছে কি না, দু-এক দিনের মধ্যে আপনারা তার ফলাফল দেখতে পাবেন।’গতকাল জুমার নামাজের আগে বড়দেশী গ্রামের খন্দকারবাড়ী মসজিদের সামনে গ্রামের কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তি প্রথম আলোকে বলেছেন, সকালে সাভার থানার একদল পুলিশ এসে লোকজনের সঙ্গে কথা বলে গেছে। এ সময় নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে এক ব্যক্তি বলেন, পূর্বপাড়ার লোকজনই মূলত ঘটনাটা ঘটিয়েছে। তাই সেখানকার অনেক বাড়ির পুরুষেরা এলাকায় নেই। তিনি বলেন, ‘এলাকার বড় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মোটা টাকা লেনদেন হয়েছে বলে শুনেছি।’ওই মসজিদেরই আরেক মুসল্লি বলেন, পুলিশ বড় ব্যবসায়ীদের ডেকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য চাপ দিয়েছে। এ জন্য মোটা টাকার লেনদেনও হয়েছে।একজন বালু ব্যবসায়ী বলেন, ছাত্রদের বিরুদ্ধে ডাকাতির মামলা করে বাদী আবদুল মালেক ফেঁসে গেছেন। পুলিশই তাঁকে দিয়ে মামলা করিয়েছে, এটা সব বালু ব্যবসায়ী জানেন। এখন পুলিশই বলে বেড়াচ্ছে তারা মালেককে খুঁজে পাচ্ছে না, তাঁকে পেলে ঘটনা জানা যাবে। এসব বলে এখন পুলিশ সব ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিচ্ছে বলে ওই ব্যবসায়ীর অভিযোগ করেন। তিনি কাকে কত টাকা দিয়েছেন, এ কথা জানতে চাইলে ওই ব্যবসায়ী জবাব না দিয়ে মসজিদে ঢুকে যান।এদিকে নিহত ছয় ছাত্রের রুহের মাগফিরাত কামনা করে দারুস সালাম ও শ্যামলী এলাকার কয়েকটি মসজিদে গতকাল জুমার নামাজের পর বিশেষ মোনাজাত হয়েছে।বিএনপির নিন্দা ও শোক: এদিকে বড়দেশীতে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এ ঘটনা পৈশাচিক। প্রশাসন সতর্ক থাকলে এত নৃশংস ঘটনা ঘটত না। এই মর্মান্তিক ঘটনার পরও পুলিশের কোনো নড়াচড়া নেই, ঘাতকদের চিহ্নিত করার কোনো উদ্যোগও নেওয়া হয়নি। এ ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিফলন।