পুলিশের বিশেষ অভিযানে আটক ৩১
বিএনপির ১২ মার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার নোয়াখালী বিভিন্ন উপজেলা, পিরোজপুরের মঠবাড়িয়া ও কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে বিএনপি-জামায়াতের ৩১ জনকে আটক করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: নোয়াখালীর সুধারামে ছয়জন, হাতিয়ায় দুজন, কোম্পানীগঞ্জে দুজন, সুবর্ণচরের চরজব্বারে দুজন, কবিরহাটে দুজন, বেগমগঞ্জে তিনজন, সেনবাগে একজন, চাটখিলে দুজন ও সোনাইমুড়ীতে তিনজনসহ মোট ২৩ জনকে আটক করা হয়। পরে আজ শনিবার তাদের বেশির ভাগকেই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।নোয়াখালী শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের আজ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘পুলিশি হয়রানির কারণে দলের সাধারণ নেতা-কর্মীরাও গত কয়েক দিন ধরে ঘরে ঘুমাতে পারছেন না। রাতে বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে পুলিশ।’বিশেষ অভিযান প্রসঙ্গে নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাজারী বলেন, ‘যেসব ব্যক্তি ঢাকায় মহাসমাবেশে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে সন্দেহ হচ্ছে, পুলিশ তাদেরকেই গ্রেপ্তার কিংবা আটক করছে।’মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া থানা-পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সন্দেহভাজন হিসেবে এ ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ আজ সকালে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। মঠবাড়িয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক বাদল, আটক ব্যক্তিদের ছাত্রদল ও যুবদলের কর্মী বলে দাবি করেন।কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম খুররম ও বর্তমান সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানায়, বিএনপির ঢাকা চলো কর্মসূচি উপলক্ষে তাঁদের বিরুদ্ধে নাশকতার সৃষ্টির অভিযোগ ছিল। এ কারণেই গ্রেপ্তার করা হয়। পুলিশকে লাঞ্ছিত করার মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদেরকে আজ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।