পুলিশের বেতন সমস্যার সমাধানের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অধস্তন সদস্যদের বেতন সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের অন্যান্য কর্মচারীর মতোই তাঁদের বেতন নির্ধারণ করা হবে। এ সংক্রান্ত জারি করা আগের আদেশ বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে পুলিশ বাহিনীতে কর্মরত অধস্তন কর্মচারীরা গত ২০ বছরের কর্তন করা বেতন ও টাইম স্কেল ফেরত পাবেন। এ ছাড়া গত ১৪ বছরে যেসব কনস্টেবল অবসরে গেছেন, তাঁরাও বকেয়া টাকা ফেরত পাবেন।আজ রোববার এ সংক্রান্ত একটি চাহিদাপত্র (ডিও লেটার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্র জানায়, পুলিশে কর্মরত অধস্তন কর্মচারীদের অসন্তোষ দূর করতে তাঁদের বেতন নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের ২০০৮ সালের এপ্রিলের আদেশের শর্ত বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে চাহিদাপত্র পাঠাচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ বাহিনীর যেকোনো কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা ঠিকমতো বুঝিয়ে দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা সে দায়িত্ব পালন করছি। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এখন আনুষ্ঠানিক চাহিদাপত্র পাঠাচ্ছি। আশা করি, তাঁরা আমাদের অনুরোধ রাখবেন।’জানা গেছে, ২০০৯ সালে ঘোষিত জাতীয় বেতন কাঠামো অনুযায়ী পুলিশের বেতন নির্ধারণের জন্য বাহিনীর সদস্যদের সার্ভিস বই নিরীক্ষা কার্যালয়ে পাঠানো হলে ২০০৫ সালের আগের নির্ধারিত বেতন উচ্চধাপ থেকে নামিয়ে নিম্নধাপে রেখে নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ২০০৯ সালের স্কেলের সঙ্গে মিল করে বেতন নির্ধারণ করা হয়। এতে দেখা যায়, ২০০৪ সালের আগে যেসব কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই, এসআই, সার্জেন্ট পুলিশে যোগ দিয়েছিলেন, তাঁদের প্রত্যেককেই আট হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ফেরত দিতে হবে।অর্থমন্ত্রীকে দেওয়া চাহিদাপত্রে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ’৯১ সালে অর্থ মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ‘পুলিশ কনস্টেবলরা বেতন স্কেল সংশোধন করে ১২ ও ১৫ বছর চাকরি শেষে প্রথম ও দ্বিতীয় টাইম স্কেল হিসেবে সর্বোচ্চ দুটি পাবেন’—মর্মে আদেশ জারি করা হয়। কিন্তু পরে ২০০৫ সালের জুলাই মাসে পুনরায় কনস্টেবল, নায়েক, হেড কনস্টেবল, এএসআই/ সার্জেন্টদের বেতন স্কেল পুনর্নির্ধারণ করা হয়। প্রতিমন্ত্রী চাহিদাপত্রে জানান, বেতন স্কেল উন্নীত করার পর যে সংখ্যক পুলিশ সদস্য টাইম স্কেল পেয়েছেন বা পাবেন, তা শুধু গণনা করে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। মাঝখানে কোনো বেতন স্কেল/গ্রেডে বেতন নির্ধারণ করা যাবে না।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন স্কেল ঘোষণার পর বেতন না বেড়ে কমে যাওয়া নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে অন্য বিষয়ের চেয়ে এখন বেতন কাঠামোর প্রসঙ্গটি মুখ্য হয়ে উঠেছে। চিঠি চালাচালি: সদর দপ্তরের কর্মকর্তারা জানান, বেতন নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে গত তিন মাসে এক ডজনেরও বেশি চিঠি চালাচালি করা হয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে প্রতিবারই একই ধরনের জবাব দেওয়া হচ্ছে। এতে সমস্যার সমাধান আর হচ্ছে না। পুলিশের পাশাপাশি বিভিন্ন জেলার নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তারাও এ বিভ্রান্তি দূর করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, এর আগে বেতন-জটিলতা নিয়ে পুলিশের অর্থ ও বাজেট শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) শাহাবউদ্দিন কোরেশী স্বরাষ্ট্রসচিবের কাছে চিঠি দিয়ে বেতন-জটিলতার কথা জানান। তিনি চিঠিতে বলেন, সরকারের সব নন-গেজেটেড কর্মচারী তাঁদের চাকরিজীবনে ৮, ১২ ও ১৫ বছরে তিনটি টাইম স্কেল পেয়ে থাকেন। কিন্তু ’৯১ সালে তৎকালীন সরকার হঠাৎ করে শুধু পুলিশের জন্য প্রথম টাইম স্কেলটি বাতিল করে দেয়। এরপর ২০০৮ সালে এ শর্ত বাতিল করে আবার তিনটি টাইম স্কেল দিতে বলা হয়। কিন্তু ’৮৪ সালে ঘোষিত টাইম স্কেলের মূল আদেশকে উপেক্ষা করে নিম্নধাপে বেতন নির্ধারণ করতে বলা হয়।