পুলিশের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকায় ৯ ডিসেম্বর নিরীহ পথচারী বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের সময় পুলিশের ভূমিকা তদন্তে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) কমিটি গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ-সংক্রান্ত চিঠি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপি কার্যালয়ে পৌঁছেছে।বিশ্বজিৎ হত্যার ঘটনায় জড়িত অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও চার ছাত্রকে গতকাল স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই চারজনের মধ্যে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এই হত্যা মামলা তদন্তের দায়িত্বে থাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে একই অভিযোগে দুই ছাত্রের সনদ বাতিল এবং তিনজনকে স্থায়ীভাবে বহিষ্কার করে। সনদ বাতিল ও বহিষ্কৃত এই নয়জনই ছাত্রলীগের কর্মী। কমিটি গঠনের নির্দেশ: পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বিশ্বজিৎ হত্যার ঘটনায় আসলে কী ঘটেছিল, পুলিশ কী দায়িত্ব পালন করেছে, দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল কি না প্রভৃতি বিষয় তদন্তের জন্য ডিএমপিকে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।জানতে চাইলে গতকাল রাত সাড়ে আটটার দিকে ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।আরও চারজন বহিষ্কার: গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজিৎ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আরও চারজন ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন: মনোবিজ্ঞান বিভাগের (স্নাতক-২০০৭-০৮) কাইয়ুম মিয়া ওরফে টিপু, রসায়ন বিভাগের (স্নাতক-২০০৭-০৮) রাজন তালুকদার, ইতিহাস বিভাগের (স্নাতক-২০০৬-০৭) সাইফুল ইসলাম ও জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন।একই ঘটনায় ১২ ডিসেম্বর বাংলা বিভাগের (স্নাতকোত্তর-২০০৮-০৯) সাবেক ছাত্র মাহফুজুর রহমান ওরফে নাহিদ ও দর্শন বিভাগের (স্নাতকোত্তর-২০০৮-০৯) সাবেক ছাত্র ইমদাদুল হকের সনদ বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (স্নাতক-২০০৮-০৯) রফিকুল ইসলাম ওরফে শাকিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (স্নাতকোত্তর-২০০৯-১০) নূরে আলম, মনোবিজ্ঞান বিভাগের (স্নাতক-২০০৬-০৭) ওবাইদুল কাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।এই নয়জনের মধ্যে শাকিল, কাইয়ুম, সাইফুল, শাওন ও নাহিদ বর্তমানে ডিবি পুলিশের রিমান্ডে আছেন। রিমান্ডে থাকা অপরজন হলেন এস এম কিবরিয়া। তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের কর্মী। তবে এই হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১০ জন। বাকি চারজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের পর এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।তিনজনের জামিন নামঞ্জুর: এদিকে বিশ্বজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো মামুন আর রশিদ, কাজী নাহিদউজ্জামান ওরফে তুহিন ও মোসলেহ উদ্দিনের জামিনের আবেদন করা হলে গতকাল তা নামঞ্জুর করেন আদালত। এই তিনজন ও ফারুক হোসেন নামের অপর একজনকে ১১ ডিসেম্বর জজকোর্ট এলাকা থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। ১৩ ডিসেম্বর তাঁদের বিশ্বজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের পরিবার ও বন্ধুদের দাবি, এই চারজনই নিরপরাধ। তাঁরা ক্ষুদ্র ব্যবসায়ী ও চাকরিজীবী। তাঁদের মুক্তির ব্যাপারে পরিবারগুলো সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করেছে।৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে দরজি দোকানি বিশ্বজিৎকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন ছাত্রলীগের কর্মীরা।