আমিনবাজারের বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে এক সদস্যের বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার মুখ্য বিচারিক হাকিমের প্রতি গতকাল বুধবার এ নির্দেশ দেওয়া হয়।বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ওই কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।ছয় ছাত্র হত্যার ঘটনায় গত ২০ জুলাই করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সেদিন রুল জারি করেছিলেন। ওই ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত গতকাল আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম বদরুদ্দোজা।রিট আবেদনকারী আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমিনবাজারের ঘটনায় সরকার পুলিশের নেতৃত্বে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশের ওই কমিটি যে কাজ করছে, তাতে সাজানো সাক্ষ্য নিচ্ছে। সাজানো সাক্ষীর মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে না। এ জন্য পুলিশের ভূমিকা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদনটি করা হয়। আদালত এক সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।গত ২০ জুলাই জারি করা রুলে ওই ছয় ছাত্রের জীবন রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কেন সংবিধান-পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এ ছাড়া ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। একই সঙ্গে নিহত ছাত্রদের পরিবারগুলোকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে জানতে চাওয়া হয়। মানবাধিকার সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটসের মহাসচিব তাজুল ইসলাম ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি করেন।গত ১৭ জুলাই গভীর রাতে বড়দেশী গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে ছয় ছাত্র শামস রহিম ওরফে শাম্মাম, ইব্রাহিম খলিল, টিপু সুলতান, তৌহিদুর রহমান পলাশ, কামরুজ্জামান কান্ত ও মনিব সেতাবকে পিটিয়ে হত্যা করা হয়। তাঁদের তিনজন মিরপুর বাঙলা কলেজের, একজন তেজগাঁও কলেজের, একজন ইংরেজি মাধ্যম বিদ্যালয় ম্যাপললিফের এবং একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পিটুনিতে আহত হন তাঁদের বন্ধু আল-আমিন।