পুলিশের মামলায় ফারুকের তিন মাসের আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের করা মামলায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চিকিত্সার জন্য জয়নুল আবদিন ফারুককে বিদেশ যেতে বাধা দেওয়া হবে না বলেও আদালত আশা প্রকাশ করেন। ইউনাইটেড হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে আজ মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে জয়নুল আবদিন ফারুককে হাইকোর্টে নিয়ে আসা হয়। তিনি আধঘণ্টা অ্যাম্বুলেন্সে অবস্থান করেন। ১০টা ৪০ মিনিটে বিচারপতিরা এজলাসে আসেন। ১০টা ৫৩ মিনিটে অক্সিজেন দেওয়া অবস্থায় স্ট্রেচারে করে তাঁকে আদালত কক্ষে আনা হয়। এরপর ফারুকের আইনজীবী মওদুদ আহমদ আদালতের অনুমতি নিয়ে জানান, ফারুককে অ্যাম্বুলেন্সে নিয়ে রাখার কথা বলা হয়েছে। ১১টা ৪২ মিনিটে শুনানিতে অংশ নিয়ে মওদুদ আহমদ বলেন, জামিনের আবেদন জানানো হচ্ছে। এ পর্যায়ে আদালত জানতে চান, তাঁকে (ফারুক) কি গ্রেপ্তার করা হয়েছে? উত্তরে মওদুদ বলেন, তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তিনি ফারুকের ছয় মাসের জামিন মঞ্জুর ও রুল জারির আরজি জানান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেন। ১২টা পাঁচ মিনিটে ফারুককে অ্যাম্বুলেন্সে করে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।প্রসঙ্গত, গতকাল হাইকোর্ট আজ সকাল সাড়ে ১০টার মধ্যে জয়নুল আবদিন ফারুককে আদালতে হাজির করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। ফারুককে হাসপাতাল থেকে হাইকোর্টে আসতে পুলিশ বাধা দিয়েছে বলে আদালতকে জানিয়েছিলেন তাঁর আইনজীবী মওদুদ আহমদ।৬ জুলাই বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে মানিক মিয়া এভিনিউ এলাকায় পুলিশের লাঠিপেটায় জয়নুল আবদিন আহত হন। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই দিন জয়নুল আবদিনসহ ১০-১২ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে পুলিশ।