পুলিশের মামলায় ফারুকের তিন মাসের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের করা মামলায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।হাইকোর্টের নির্দেশ অনুসারে গতকাল সকাল ১০টার পর ইউনাইটেড হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে জয়নুল আবদিন ফারুককে হাইকোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়। তিনি আধা ঘণ্টা অ্যাম্বুলেন্সে অবস্থান করেন। ১০টা ৪০ মিনিটে এজলাসে আসেন বিচারপতিরা। পরে স্ট্রেচারে করে ফারুককে আদালত কক্ষে আনা হয়। একপর্যায়ে ফারুকের আইনজীবী মওদুদ আহমদ জানান, আদালত অনুমতি দিয়েছেন তাঁকে (ফারুক) অ্যাম্বুলেন্সে নিয়ে রাখার জন্য। পাঁচ মিনিটের মধ্যেই তাঁকে আবার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়।ফারুকের জামিন আবেদনের শুনানিতে মওদুদ আহমদ বলেন, পুলিশ ফারুককে লাঠিপেটা করেছে। আদালত জানতে চান, ফারুক এখন গ্রেপ্তার অবস্থায় আছেন কি না। জবাবে মওদুদ বলেন, এখন পর্যন্ত তিনি গ্রেপ্তার অবস্থায় নেই। তিনি বলেন, সংসদ ভবন এলাকায় ৬ জুলাই ফারুককে পুলিশ নির্দয়ভাবে লাঠিপেটা করেছে।আদালত বলেন, ‘ভালোবাসা ভালোবাসা এনে দেয়। ঘৃণা ঘৃণাই নিয়ে আসে।’ মওদুদ আহমদকে উদ্দেশ করে আদালত বলেন, ‘এখন আপনারা সাফার (ভুগছেন) করছেন। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, উনারা সাফার করেছেন। আবার আপনারা ক্ষমতায় গেলে উনারা সাফার করবেন। আমরা এ অবস্থা আর দেখতে চাই না। আপনারা এ অবস্থা থেকে আমাদের মুক্তি দিন।’একপর্যায়ে মওদুদ আহমদ বলেন, ‘এখন এসবের মাত্রা আরও বেড়েছে। আদালত বলেন, ‘চর্চা (এক্সারসাইজ) করলে মাত্রা তো বাড়বেই।’ মওদুদ বলেন, ‘আগে তো আমরা অ্যানালগ যুগে ছিলাম। এখন তো ডিজিটাল যুগে আছি।’ আদালত বলেন, ‘মি. আহমদ, আল্লাহ আমাদের দুই হাত দিয়েছেন। হাত দিয়েছেন নিজের কাজ ও অন্যের মঙ্গল করার জন্য। অথচ মানুষ এক হাত সামনে রাখে অন্যকে আক্রমণ করার জন্য। অন্য হাত রাখে আরেকজনের আক্রমণ প্রতিরোধ করার জন্য। এভাবে চলতে থাকলে দেশ ও জাতির কল্যাণ কীভাবে হবে।’এরপর আদালত তিন মাস জামিন মঞ্জুরের কথা বললে মওদুদ আহমদ ছয় মাসের জামিন মঞ্জুরের আরজি জানান। এর বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু বলেন, স্পিকার তাঁকে (ফারুক) এক মাসের জন্য বিদেশে ভ্রমণের অনুমতি দিয়েছেন। অতএব তাঁকে জামিন দেওয়া হলে এক মাসের জন্য দেওয়া যেতে পারে। এই মামলায় তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন না। আদালত তিন মাসের জামিন মঞ্জুর করেন। এই মামলায় অপর আসামি সাংসদ আশিফা আশরাফী পাপিয়ারও জামিন মঞ্জুর করা হয়।শুনানিকালে আদালতে ফারুকের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবেদীন, গাজী কামরুল ইসলাম, রাগীব রউফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।জামিন আদেশের পর দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে ফারুককে নিয়ে যাওয়া হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, আদালত জয়নুল আবদিন ফারুকের তিন মাসের আগাম জামিন মঞ্জুর করে আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। আদালত বলেছেন, চিকিৎসার জন্য তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া যাবে না।বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে ৬ জুলাই মানিক মিয়া এভিনিউ এলাকায় পুলিশের লাঠিপেটায় জয়নুল আবদিন আহত হন। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই দিন জয়নুল আবদিনসহ ১০-১২ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে পুলিশ।