পুলিশের লাঠিপেটায় ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী আহত, গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি কলেজে জেলা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষ এড়াতে পুলিশ আজ শনিবার লাঠিপেটা করেছে। এতে ছাত্রলীগের দুই পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও কলেজের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর সাইফুল ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন গ্রুপ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমানের গ্রুপের মধ্যে কথাকাটাকাটি ও মারামারি হয়। ওই ঘটনার জের ধরে আজ উভয়পক্ষ কলেজের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ শুরুর আগেই লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থ থেকে ১০ জনকে গ্রেপ্তার করে।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।