পুলিশের লাঠিপেটায় জাতীয় কমিটির কর্মসূচি পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল রোববার তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে ৫০ জনের বেশি কর্মী আহত হন বলে কমিটির নেতারা দাবি করেন। এর প্রতিবাদে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে কমিটি।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমমনা সংগঠনগুলোর কর্মীরাও সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তব্য দেন শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও রুহিন হোসেন। উপস্থিত ছিলেন বাসদের বজলুর রশিদ, ওয়ার্কার্স পার্টির রাগীব আহসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, বাংলাদেশের কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, সাম্যবাদী দলের মোশাহিদা আহম্মেদ, জাতীয় গণফ্রন্টের আবু তাহের, বাসদের মহিন উদ্দিন চৌধুরী, গণতান্ত্রিক মজুর পার্টির শামসুল আলম প্রমুখ।সমাবেশ শেষে জাতীয় কমিটির মিছিল প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় ঘুরে সচিবালয়ের পশ্চিম পাশের সড়ক দিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের প্রতিবন্ধকতার সামনে পড়ে। মিছিলটি প্রতিবন্ধকতা সরিয়ে এগোতে চাইলে মিছিলকারীদের সঙ্গে পুলিশসদস্যদের ধস্তাধস্তি হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।কমিটি জানিয়েছে, পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আরাফাতুল কবীর, বাসদের রাহাত আহমেদ, মলয় সরকার, গণসংহতি আন্দোলনের জান্নাতুল মরিয়ম, কাঁকন বিশ্বাস, উম্মে হাবিবা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সোহান সোবাহান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাশিদা হোসেন, সেলিনা হোসেনসহ অর্ধশতাধিক কর্মী আহত হন।পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় কমিটির রুহিন হোসেন বলেন, জনগণের অধিকারের দাবি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বানচাল করে দিয়েছে। আহত কর্মীরা বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।লাঠিপেটার বিষয়টি অস্বীকার করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সচিবালয়ে এভাবে মিছিল নিয়ে যাওয়ার নিয়ম নেই। বারবার নিষেধ সত্ত্বেও তাঁরা ব্যারিকেড ভেঙে এবং ফেস্টুনের লাঠি দিয়ে পুলিশসদস্যদের আঘাত করে অগ্রসর হচ্ছিলেন। মিছিলকারীদের সরাতে পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের দুটি শেল নিক্ষেপ করে।কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল চারটায় সমাবেশ হবে। হরতাল বা অন্য কি কর্মসূচি দেওয়া যায়, তা এই সমাবেশে ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘সুলভ মূল্যে বিদ্যুৎপাওয়া জনগণের অধিকার। এই অধিকারের জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু প্রতিবাদ হলেই রাষ্ট্রযন্ত্র ব্যবহূত হয়। এ ঘটনা তা আবার প্রমাণ করল। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’কমিটি বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ সাত দফা দাবিতে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল। উল্লেখযোগ্য অন্যান্য দাবির মধ্যে রয়েছে: রেন্টাল, কুইক রেন্টাল বন্ধ করা; রাষ্ট্রীয় বিদ্যুৎপ্লান্ট চালু করা; দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জন্য পরিকল্পনা তৈরি; খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন পাস করা, বিদ্যুৎখাতের লুটপাট বন্ধ করা।নিন্দা ও প্রতিবাদ: জাতীয় কমিটির ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি নির্মল সেন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, দেশ রক্ষা আন্দোলনের চেয়ারম্যান ওয়ারেসুল হাসান সিদ্দিকী, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। পৃথক বিবৃতিতে তাঁরা এর নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িত পুলিশসদস্যদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।