পুলিশের লাঠিপেটায় জয়নুল আবদিন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বিরোধীদলীয় সাংসদদের সঙ্গে ধস্তাধস্তিতে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদও আহত হয়েছেন।বিরোধীদলীয় সাংসদদের দাবি, পুলিশ অতর্কিতভাবে ফারুকের ওপর হামলা চালায়। তবে পুলিশ দাবি করেছে, ফারুক পুলিশ সদস্যদের অশ্রাব্যভাষায় গালিগালাজ করেন ও পুলিশকে মারধর করেন।আজ বুধবার সকালে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে এ ঘটনা ঘটে।আজ ভোর ছয়টার দিকে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিরোধী দলের ১৫-২০ জন সাংসদ মানিক মিয়া এভিনিউয়ের সামনে জড়ো হন। ভোরবেলা তাঁরা হেঁটে সংসদ ভবন এলাকা থেকে ফার্মগেট এলাকায় পৌঁছেন। পরে ফার্মগেট থেকে তাঁরা আবার মানিক মিয়া এভিনিউয়ে ফিরে যান। এ সময় হঠাত্ করে একটি বাস লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইমাম হোসেন, সহকারী উপকমিশনার হারুনুর রশিদ ও মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার সাংসদদের সামনে গিয়ে তাঁদের থামানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে জয়নুল আবদিনের কথাকাটাকাটি হয়। পুলিশের ডিসিকে উদ্দেশ করে ফারুক বলেন, ‘তুই কে? তুই কী করবি?’ এ সময় পুলিশ জয়নুল আবদিনের দিকে তেড়ে যায় এবং ‘পাগল পাগল’ বলে চিত্কার করতে থাকে। আরও কয়েকজন পুলিশ তাঁর দিকে এগিয়ে গেলে ধস্তাধস্তি শুরু হয় এবং তিনি পড়ে যান। পুলিশের কয়েকজন সদস্য তাঁকে লাথি মারেন এবং তাঁকে ধরে টানাটানি করতে থাকেন। এ সময় ফারুকের গেঞ্জি খুলে যায়। একপর্যায়ে একজন পুলিশের সদস্যদের লাঠির আঘাতে ফারুকের মাথা ফেটে যায়। সকাল থেকে ফারুকের ডান হাতে ব্যান্ডেজ থাকলেও পরে ধস্তাধস্তির সময় সেটি খুলে যায়।ফারুকের মাথায় রক্ত দেখে নারী সাংসদেরা তাঁকে নিয়ে ন্যাম ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ আবার এগিয়ে এলে জয়নুল আবদিন আত্মরক্ষায় ন্যাম ভবনের দিকে দৌড় দেন। এরপর পুলিশ তাঁর পিছু নিয়ে আবার সেখানে গিয়ে সাংসদদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ জয়নুল আবদিনকে চ্যাং-দোলা করে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করলে তিনি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান।এরপরে সাংসদেরা ফারুককে উদ্ধার করে নারী সাংসদ পাপিয়া আশরাফির ন্যাম ভবনের বাসায় নিয়ে যান। সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।ঘটনা সম্পর্কে জয়নাল আবদিন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ওরা আমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। মাথা এবং পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছি। সারা শরীরেই ব্যথা। কোন দেশে আমি আছি?’তবে সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে জানান, ফার্মগেট এলাকায় গিয়ে জয়নুল আবদিন রাস্তার মাঝখানে বসে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করেন। এ সময় পুলিশ সেখান থেকে সরিয়ে দিতে গেলে তাঁরা পুলিশকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন।বিপ্লব কুমার সরকার আরও জানান, বিরোধীদলীয় চিফ হুইপ পুলিশ সদস্যদের জঘন্য ভাষায় গালাগাল করেন। তাঁদের গায়ে হাত তোলেন এবং পুলিশকে গালি দিয়ে বলতে থাকেন ‘পারলে মার’। এ সময় পুলিশ তাঁকে সরিয়ে দিতে গেলে তিনি ধস্তাধস্তি শুরু করেন এবং হঠাত্ করে পড়ে যান।পুলিশের আহত এডিসি হারুনুর রশিদ জয়নুল আবদীনকে পেটানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে তিনি আঘাত পেতে পারেন। পুলিশ তাঁর ওপর হামলা চালায়নি, বরং তিনিই পুলিশের ওপর হামলা চালিয়েছেন।’এ নিয়েই সারা দিন উত্তপ্ত ছিল রাজনৈতিক অঙ্গন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল দাবি করেছেন, চিফ হুইপের মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।খালেদা জিয়ার নিন্দা: জয়নুল আবদিনকে পুলিশের লাঠিপেটার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। আজ এক বিবৃতিতে তিনি বলেন, হত্যার অশুভ অভিপ্রায়ে তাঁর ওপর আক্রমণ চালানো হয়েছে। তিনি আক্রমণকারী পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।