পুলিশের লাঠিপেটায় সিএনজি শ্রমিকদের সমাবেশ পণ্ড
ধর্মঘটরত সিএনজি অটোরিকশা শ্রমিকদের সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করতে জড়ো হলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় এক শ্রমিকনেতাসহ অন্তত ২০ জন আহত হন বলে দাবি করেছেন অটোরিকশা শ্রমিক নেতারা।পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ এবং অতিরিক্ত অর্থ আদায়কারী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাসহ ১০ দফা দাবিতে রাজধানীতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন সিএনজি অটোরিকশা শ্রমিকেরা। ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচি দেয়। গতকাল ছিল ধর্মঘটের দ্বিতীয় দিন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ৫০ জনের মতো অটোরিকশা শ্রমিক জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে তাঁদের দাবির বিষয়ে বক্তব্য দিতে থাকেন। তখন শ্রমিকদের রাস্তা থেকে সরে যেতে বলে পুলিশ। শ্রমিকেরা এতে হইচই শুরু করলে পুলিশ লাঠিপেটা শুরু করে। ধাওয়া ও পিটুনি খেয়ে শ্রমিকদের একটি অংশ প্রেসক্লাবের বিপরীতে যাত্রীছাউনির কাছে জড়ো হওয়ার চেষ্টা করলে সেখান থেকেও তাঁদের হটিয়ে দেয় পুলিশ। এ সময় শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশি অ্যাকশনে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ও অটোরিকশা চালক মো. লালমিয়া মাথায় ও হাতে আঘাত পান। হানিফের ডান হাতের হাড় ভেঙে গেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।একজন ক্ষুব্ধ অটোরিকশাচালক বলেন, ‘আমাদের আন্দোলন পুলিশের বিরুদ্ধে। এ জন্য পুলিশ আমাদের সহ্য করছে না।’ এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ কোনো শ্রমিককে পেটায়নি। দৌড়াদৌড়ি করার সময় ওদের একজন পড়ে গিয়ে আহত হয়েছেন।’ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা সমাবেশ শুরু করতে না করতেই পুলিশ বিনা উসকানিতে অতর্কিতে হামলা করে। পুলিশের সঙ্গে সাদা পোশাকে মালিকদের ভাড়াটে লোকজনও এ হামলায় যোগ দেয়।’অটোরিকশা শ্রমিকদের ১০ দফা দাবির মধ্যে আছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিতরণের সিদ্ধান্ত নেওয়া পাঁচ হাজার সিএনজি অটোরিকশাচালকদের বরাদ্দ করা, অতিরিক্ত জমা আদায়কারী মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, অটোরিকশা পার্কিং স্থাপন করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় পুনঃপরীক্ষা নেওয়া বন্ধ করা ইত্যাদি।