পুলিশের শীর্ষ পর্যায়ের ১৪ কর্মকর্তা বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বদলির এ প্রজ্ঞাপন জারি করে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার একজন, তিনজন অতিরিক্ত ডিআইজি, নয়জন পুলিশ সুপার (এসপি) এবং অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে প্রস্তাবিত সন্ত্রাস দমন ইউনিট গড়ার দায়িত্বে থাকা পুলিশ সদর দপ্তরের ডিআইজি নাজিবুর রহমানকে রাজারবাগ টেলিকমে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ফজলুর রহমানকে সারদা পুলিশ একাডেমিতে, ঢাকার বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মাহবুব হাকিমকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, ঢাকা টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং কলেজের (পিটিসি) কমান্ড্যান্ট, ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মোজাম্মেল হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়। এ ছাড়া ঢাকা পঞ্চম এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক সারোয়ার মোর্শেদ শামীমকে দিনাজপুরের পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার আলমগীর রহমানকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার, ঢাকায় সংযুক্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ সুপার মীজানুর রহমানকে ঢাকা আরআরএফের কমান্ড্যান্ট, মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার আবু কালাম সিদ্দিককে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মনিরুজ্জামানকে বিশেষ পুলিশ সুপার এসবি ঢাকায়, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার মনিরুজ্জামানকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোল্লা জাহাঙ্গীর হোসেনকে সাতক্ষীরার পুলিশ সুপার, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জোবায়েদুর রহমানকে নীলফামারীর পুলিশ সুপার (চলতি দায়িত্ব) এবং নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার সাজিদ হোসেনকে গাইবান্ধার পুলিশ সুপার (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুর রহমানকে খুলনা মহানগর পুলিশে (কেএমপি) বদলি করা হয়েছে।