পুলিশের সংস্কার আটকে গেছে
‘প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশে পুলিশ বাহিনীকে অধিকতর ক্ষমতা দেওয়া হয়েছে। রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি অনাস্থাই এ আইনটির ভিত্তি। এ অধ্যাদেশটি সরকার ও জনগণ থেকে পুলিশ বাহিনীকে দূরে ঠেলে দিতে পারে।’ পুলিশ সংস্কারের জন্য প্রস্তাবিত আইন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যালোচনা কমিটি এ মন্তব্য করেছে। এর পর থেকে পুলিশ সংস্কারের খসড়াটি পড়ে আছে।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আইনটি কেন পাস হচ্ছে না, সেটা আমরা জানি না। এ নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি।’প্রস্তাবিত আইনে পুলিশকে সেবাদানকারী সংগঠনে পরিণত করার কথা বলা হয়েছে। পুলিশের ওপর রাজনৈতিক খবরদারির সুযোগ কম থাকবে। রাজনৈতিক চাপে পুলিশ সুপার থেকে শুরু করে আইজিপি পর্যন্ত কাউকে দুই বছরের আগে সরানো যাবে না। পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মন্ত্রী-সাংসদ বা যেকোনো প্রভাবশালী ব্যক্তির মৌখিক, লিখিত বা টেলিফোনে সুপারিশ ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে।তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন, প্রস্তাবিত আইনে পুলিশকে বেশি মাত্রায় ক্ষমতা দেওয়া হয়েছে। এ আইন কার্যকর হলে পুলিশের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, পুলিশ অধ্যাদেশটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশে যেসব সুপারিশ এসেছে, তার কিছুটা সহজে বাস্তবায়নযোগ্য, পুরোটা নয়। সব সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে যেটা বাস্তবসম্মত হবে, সেটাই গ্রহণ করা হবে।পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে স্বচ্ছতা এবং পুলিশের ওপর রাজনৈতিক প্রভাব বন্ধ করা না গেলে কোনো কিছু করে লাভ হবে না। এ জন্য পুলিশ আইন সংস্কার করা জরুরি।দেশের পুলিশ বাহিনী চলছে ১৮৬১ সালের পুরোনো আইন দিয়ে। পুলিশকে যুগোপযোগী করতে একটি নতুন আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল তিন বছর আগে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজিপি এএসএম শাহজাহানের নেতৃত্বে একটি কমিটি এ খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ আইনটির ব্যাপারে সাধারণ মানুষের মতামত নিতে পুলিশকে বলা হয়। এ ছাড়া এ মতামত ‘অর্থবহ’ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে পরামর্শ কমিটি গঠন করা হয়। পুলিশ প্রশাসন প্রস্তাবিত অধ্যাদেশের ব্যাপারে দেশের ৬৭ হাজারের বেশি মানুষের অভিমত সংগ্রহ করে।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়ার পর বিভাগ, জেলা ও উপজেলার তৃণমূল পর্যায় থেকে মতামত সংগ্রহের কাজ শুরু হয়। দেশে এর আগে কোনো আইন তৈরির জন্য এত বিপুল মানুষের মতামত নেওয়া হয়নি। এসব অভিমতে দেখা যায়, দেশের অধিকাংশ মানুষই মনে করে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রচলিত পুলিশ আইনটি অকার্যকর, সীমাবদ্ধ ও সংকীর্ণতায় ভরা। সেই তুলনায় প্রস্তাবিত ‘বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ ২০০৭’-এর খসড়াটি বাস্তবসম্মত ও সময়োপযোগী। তবে এর কয়েকটি ধারা সংশোধন ও কিছু অংশ বাদ দেওয়া উচিত বলে তাঁরা মনে করেন। পুলিশের এসব মতামতের সারসংক্ষেপ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়।এতে দেখা যায়, সারা দেশের ৫৭৭টি সভার মাধ্যমে ৬৭ হাজার মানুষের লিখিত মতামত সংগ্রহ করা হয়েছে। মতামতদাতাদের মধ্যে ৬৬ হাজার ৫০০ জন প্রচলিত পুলিশ আইন সংস্কারের পক্ষে বলেছেন। তবে মন্ত্রণালয়ের কমিটি এসব মতামতের সঙ্গে একমত পোষণ করেনি। উল্টো মন্ত্রণালয় থেকে এর বিরোধিতা করা হয়।পুলিশ সংস্কার প্রকল্পের (পিআরপি) পরিচালক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষের মতামত নেওয়ার পর তৈরি প্রতিবেদন পরামর্শক কমিটির কাছে পাঠানো হয়েছে। কিন্তু কোনো কিছুই আর এগোচ্ছে না।সূত্র জানায়, সাধারণ মানুষের মতামতের সারসংক্ষেপে বলা হয়, অনেকে পুুলিশপ্রধানের পদটি সাংবিধানিক পদ হওয়া উচিত বলে মনে করেন। অধ্যাদেশে জাতীয় পুলিশ কমিশনের সুপারিশে পুলিশপ্রধানের নিয়োগের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের পর্যালোচনায় বলা হয়, পুলিশপ্রধানের পদ সাংবিধানিক হলে এতে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। এতে বাহিনীর ভেতরে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সাংবিধানিক পদ হলে পুলিশপ্রধানের কোনো জবাবদিহি থাকবে না।প্রস্তাবিত অধ্যাদেশে জেলা পুলিশের নিয়োগ দেওয়ার বিষয়টি স্পষ্ট নয় বলে মন্ত্রণালয় মনে করে। এতে পৃথকভাবে জেলা পুলিশ নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে, পুলিশপ্রধানের সুপারিশে সরকার জেলা পুলিশপ্রধান নিয়োগ করবে। তবে সরকারের সঙ্গে দ্বিমত হলে তা করবে পুলিশ কমিশন।মন্ত্রণালয়ের মতামতে বলা হয়, এ ধরনের নিয়োগ সংবিধানবিরোধী। এতে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এ ছাড়া মন্ত্রণালয়ের সুপারিশে সাত বছরের বেশি কারাদণ্ড হতে পারে, এমন অপরাধের বিচার থানা পর্যায়ে রাখা, পুলিশ বাহিনীতে টেলিকম নামে পৃথক শাখা রাখা এবং পুলিশের বিরুদ্ধে বিচারের ক্ষেত্রে পুলিশ ট্রাইব্যুনাল বিধি বাতিল করে সরকারি কর্মচারী বিধিমালা অব্যাহত রাখার প্রস্তাবও সঠিক নয় বলে মন্ত্রণালয় মনে করে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশটি অবাস্তব ও অবাস্তবায়নযোগ্য। অধ্যাদেশে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করার জন্য উত্সাহ না দিয়ে জনগণকে ভয় দেখানো হয়েছে।মন্ত্রণালয়ের মতামতের ব্যাপারে জানতে চাইলে সাবেক আইজিপি ও পুলিশ সংস্কার প্রকল্পের উপদেষ্টা নুরুল হুদা প্রথম আলোকে বলেন, কোনো বিশেষ মহলের চাপে সরকার আইনটি চূড়ান্ত করছে না। তবে সরকারের উচিত প্রয়োজনীয় সংশোধন করে খসড়াটি দ্রুত আইনে রূপ দেওয়া। এটা সবার জন্য মঙ্গল হবে।