পুলিশের সংস্কার একটি চলমান প্রক্রিয়া: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার (আইজিপি) বলেছেন, ‘পুলিশের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি বন্ধ হয়ে যায়নি। পুলিশের সংস্কার চলছে। আমার আমলে সংস্কার করে পুলিশ বাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। পুলিশের অবকাঠামো, লোকবল, গাড়ি ও জ্বালানি সমস্যার সমাধান করা হবে।’ আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। বিরোধী দলের ডাকা হরতাল সম্পর্কে তিনি বলেন, হরতাল একটি রাজনৈতিক কর্মসূচি। যে যার মতো করে তার রাজনৈতিক কর্মসূচি পালন করবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনোর চষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে। বঙ্গবন্ধুর সমাধি সৌধে পরিদর্শক বইতে তিনি লেখেন, ‘পুলিশ প্রধান হিসেবে জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করার বিরল সুযোগ পেয়ে আমি ধন্য। কায়মনোবাক্যে প্রার্থনা করি, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সব সময় যেন সচেষ্ট থাকি।’বিকেল ৩টা ১০ মিনিটে সড়ক পথে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। সেখানে পৌঁছে তাঁরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে তাঁরা সমাধি সৌধের ভেতরে গিয়ে কবর জিয়ারত করেন।