মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার খুলনা, বগুড়া, চট্টগ্রাম, জয়পুরহাট ও টঙ্গীতে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, গাড়িতে আগুন ও ভাঙচুর করেছেন দলটির নেতা-কর্মীরা। রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রশিবিরের এক কর্মী।ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: রায় ঘোষণার পরপরই পবা উপজেলা পরিষদের সামনে রাজশাহী-নওগাঁ সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে নেতা-কর্মীরা সেখান থেকে পালিয়ে যান।এদিকে, বিকেল চারটার দিকে রাজশাহী নগরের খড়খড়ি এলাকায় রাজশাহী-ঢাকা বাইপাস মহাসড়ক অবরোধ করেন শিবিরের কর্মীরা। সেখানে রাস্তার ওপর টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। খবর পেয়ে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শিবিরের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে শিবিরের এক কর্মী পায়ে গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ কর্মীকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন শিবিরের কর্মীরা।চট্টগ্রাম: বিকেলে নগরের তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় একটি বাসে আগুন দেন শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুরের পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটান। ঘটনার পর সেখান থেকে দুজনকে আটক করে পুলিশ।বাকলিয়া থানার ওসি এ কে এম এস ইকবাল জানান, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে শাহ আমানত সেতু এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেন। পরে বাসের চালকের সহযোগিতায় স্থানীয় একটি দোকান থেকে দুই যুবককে আটক করা হয়।খুলনা: বেলা তিনটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি কিছু দূর যাওয়ার পর এলাকাবাসী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে। তখন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁদের লক্ষ্য করে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ছাড়া তাঁরা আটটি ইজিবাইক ভাঙচুর করেন। তাঁদের হামলায় দুজন ইজিবাইক চালক আহত হন।বগুড়া: দুপুর আড়াইটার দিকে শহরের সাতমাথা-শেরপুর সড়কের ইয়াকুবিয়া মোড় এলাকায় টহল পুলিশকে লক্ষ্য করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান জামায়াত-শিবিরের কর্মীরা। প্রায় একই সময়ে শহরের কলোনি ভাইপাগলার মাজারসংলগ্ন এলাকায় শেরপুর সড়কে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা তিনটার দিকে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করে জামায়াত-শিবির। এ সময় তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, এসব ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে।জয়পুরহাট: রায় ঘোষণার পরপরই জয়পুরহাট-পাহাড়পুর রাস্তার নাকুরিয়ার কাছে শিবিরের কর্মীরা গাছ কেটে এবং ইট ছড়িয়ে রাস্তা অবরোধ করেন। একই সময়ে জয়পুরহাট-আক্কেলপুর সড়কে পাইকড়তলী (ধুলাতর) নামক স্থানে রাস্তায় কলাগাছ কেটে ব্যারিকেড দেওয়া হয়। এ ছাড়া জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল এবং জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি নামক স্থানে রাস্তা অবরোধের চেষ্টা করে জামায়াত-শিবির। পরে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা গেলে অবরোধ তুলে নেওয়া হয়।টঙ্গী: গতকাল সন্ধ্যায় স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী ও কলেজগেট এলাকায় মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও তিনটি গাড়িতে আগুন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, সন্ধ্যা সাতটায় জামায়াত-শিবিরের কর্মীরা হঠাৎ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যানসহ তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে জামায়াত ও ছাত্রশিবিরের ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে হরতালের পক্ষে ও কামারুজ্জামানের ফাঁসির রায়ের বিপক্ষে স্লোগান দেওয়া হয়। মিছিলকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং একটি কাভার্ড ভ্যানে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ ছাড়া তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার সময় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে প্রায় ১০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের লোকজন পালিয়ে যান। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।