পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষে মতিঝিল রণক্ষেত্র
পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে গতকাল সোমবার বিকেলে রাজধানীর মতিঝিল রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশের ২২ জন সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৩ জনকে আটক করে।সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের একটি টেম্পো, বিআরটিসির একটি বাস ও চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। তাঁরা কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শতাধিক শেল ছোড়ে।রাজধানীর বাইরে বগুড়া, সাতক্ষীরা, নড়াইল, নোয়াখালী, মৌলভীবাজার, কুষ্টিয়া, জয়পুরহাট, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, দিনাজপুরসহ বিভিন্ন স্থানেও পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে অন্তত ৫৪ পুলিশ সদস্য ও জামায়াত-শিবিরের অন্তত ১৯৩ জন আহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ২১০ জন। নীলফামারীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ দলের শীর্ষস্থানীয় নয়জন নেতার মুক্তির দাবিতে জামায়াত-শিবির গতকাল পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল বের করে। গত রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সারা দেশে এ কর্মসূচি ঘোষণা করে জামায়াত। কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাজধানীর বিভিন্ন মোড়ে বিপুলসংখ্যক পুলিশ ও র্যা ব সদস্য মোতায়েন করা হয়। একাধিক জলকামান ও সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মতিঝিলের পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে পৌঁছে সড়কে সমাবেশ শুরু করে। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় দৈনিক বাংলা মোড় ও সমাবেশের কিছু দূরে থাকা পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুর শুরু করেন। পুলিশ লাঠিপেটা করে এবং রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। উভয় পক্ষের সংঘর্ষে কয়েক মিনিটের মধ্যে পুরো শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড়সহ আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের কর্মীদের অনেকে বাজারের থলেতে করে আনা ইট নিক্ষেপ করেন। ফকিরাপুলের গলিসহ আশপাশের বিভিন্ন গলি থেকেও তাঁরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করেন। শাপলা চত্বরে ট্রাফিক পুলিশের বক্সের কাচ ভাঙচুর করা হয়। জামায়াত-শিবিরের কর্মীরা দৈনিক বাংলার মোড়ে বিআরটিসির একটি বাসে ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এর একটি মোটরসাইকেলের মালিক শরীর থেকে শার্ট খুলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যান। বিআরটিসির বাসের আগুনও তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়। একই সময়ে মতিঝিলে দুটি মোটরসাইকেলে ও পানি উন্নয়ন বোর্ডের সামনে পুলিশের একটি টেম্পোতে অগ্নিসংযোগ করা হয়। আগুনে তিনটি মোটরসাইকেল ও পুলিশের টেম্পোটি পুড়ে যায়।দৈনিক বাংলা মোড়ের কাছে পুলিশের এক সদস্যকে জামায়াতের কয়েকজন কর্মী মারধর করেন।প্রায় আধা ঘণ্টা এই সংঘর্ষ চলে। মতিঝিলের প্রধান সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় অফিস ছুটির পর বাড়িমুখী মানুষ দুর্ভোগে পড়েন। কাঁদানে গ্যাসের ঝাঁজে তাঁদের ভোগান্তি চরমে পৌঁছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা জানায়, ভাঙচুর ও অগ্নিসংযোগকালে জামায়াত-শিবিরের ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষে আহত ২২ পুলিশ সদস্যের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করেন। তিনি দাবি করেন, তাঁদের শতাধিক কর্মী আহত ও ২৫ জন গ্রেপ্তার হয়েছেন।দলের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার জন্য পুলিশই দায়ী। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে কর্মসূচি শেষ করছিলাম। পুলিশ হঠাৎ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও লাঠিপেটা শুরু করে।’বিকেল সোয়া পাঁচটার দিকে ঘটনাস্থলে পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান সাংবাদিকদের বলেন, ‘জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হঠাৎ মিছিল শুরু করে যানবাহন ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা পুলিশকেও জিম্মি করে ফেলেন। এ অবস্থায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয়।’জামায়াতের প্রতিবাদ: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি দাবি করেন, ঢাকাসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলায় চার শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার মাধ্যমে সরকারের ফ্যাসিস্ট আচরণ আবারও প্রমাণিত হয়েছে।