পুলিশের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
সিগন্যাল মানা না-মানা নিয়ে রাজধানীর রাসেল স্কয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের আহত ছাত্র মইনুদ্দিন চিশতী জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী চৈতালি নামের বাসটি সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর থেকে রাসেল স্কয়ারে পৌঁছায়। লাল বাতি জ্বলে ওঠার আগে বাসটি সিগন্যাল পার হয়ে যায়। তখন একজন কনস্টেবল বাসের চালককে গালি দেন। শিক্ষার্থীরা কনস্টেবলের কাছে গালি দেওয়ার কারণ জানতে চাইলে ওই কনস্টেবল ছাত্রদের চড় দেখান। এতে ছাত্ররা বাস থামিয়ে নিচে নেমে কনস্টেবলের কাছে যান। সেখানে থাকা কয়েকজন পুলিশ সদস্যের মধ্যে একজন মোস্তাফিজুর রহমান নামের এক ছাত্রের শার্টের কলার ধরে টান দেন। এর জের ধরে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে চৈতালি নামের আরেকটি বাসে আসা শিক্ষার্থীরাও এতে যোগ দেন। এ সময় পুলিশ তিন ছাত্রকে রাস্তায় ফেলে পেটায়। এতে তাঁরা গুরুতর আহত হন। আহত তিনজনের মধ্যে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের মোস্তাফিজুর রহমান ও ইন্টারন্যাশনাল বিজনেসের ছাত্র শফিউল আজমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও গণিত বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী দ্বীপকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চৈতালির দ্বিতীয় বাসটির শিক্ষার্থীরা যোগ দেওয়ার পর পুলিশ পিছু হটে। এ সময় ছাত্ররা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকের পরীক্ষা থাকায় বাসটি তাড়াহুড়ো করে সিগন্যাল পার হয়। এ সময় একজন কনস্টেবল কটূক্তি করেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বর্তমানে হাসপাতালে গুরুতর আহত তিন শিক্ষার্থীর চিকিত্সা চলছে। এদিকে কলাবাগান থানার উপপরিদর্শক আশিকুর রহমান (এসআই) জানান, বাসটি সিগন্যাল অমান্য করায় পুলিশের একজন সার্জেন্ট গাড়িটি আটকান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি কেন আটক করা হবে—এমন যুক্তিতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) জামাল পাশা, কলাবাগান ও ধানমন্ডি থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সংঘর্ষে পুলিশের চার সদস্য আহত হন। আহতদের মধ্যে জামাল পাশাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে, সার্জেন্ট মাজাহার ও সার্জেন্ট ফোকরানকে ল্যাবএইড হাসপাতালে এবং কনস্টেবল সমীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংঘর্ষে কোনো ছাত্র আহত হয়েছেন কি না, জানতে চাইলে আশিকুর রহমান জানান, কোনো ছাত্র এই সংঘর্ষে আহত হননি।