পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, পরে গণপিটুনিতে তিন ডাকাত নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আন্তজেলা ডাকাতদলের পূর্বাঞ্চলের সর্দার সামাদ মিয়াসহ তিনজন নিহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাইতলা গ্রামে একটি বাড়িতে ১৫ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। পরে পালানোর সময় গণপিটুনিতে তিনজন ডাকাত নিহত হন। পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিউটি (২৫) নামের ডাকাতদলের এক নারী সদস্যকে একটি এলজি ও নয়টি গুলিসহ গ্রেপ্তার করেছে। বিউটি ওই বাড়িতে লুকিয়ে ছিলেন।পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে কাইতলা গ্রামের সৈয়দ মাশুক মিয়ার বাড়িতে ডাকাতদল হানা দেয়। ঘটনাটি প্রতিবেশীরা টের পেয়ে গ্রামের পার্শ্ববর্তী শিবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ওই ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বক্কর সিদ্দিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ঘিরে ফেলেন। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ১২টি গুলি করে। এ পরিস্থিতিতে গ্রামের একটি মসজিদ থেকে মাইকে ডাকাতদের ধাওয়া করতে আহ্বান জানানো হয়। এতে গ্রামের শত শত মানুষ ডাকাতদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ডাকাতদলের সদস্যরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। এর মধ্যে তিনজন পাশের বিটঘর গ্রামের ভেতর দিয়ে পালানোর সময় একটি সেতুর কাছে জনতার হাতে ধরা পড়েন। সেখানে গণপিটুনিতে ওই তিনজন নিহত হন। নিহত ডাকাতেরা হলেন আন্তজেলা ডাকাতদলের পূর্বাঞ্চলের সর্দার কাইতলা গ্রামের সামাদ মিয়া ওরফে টাইগার সামাদ (৩৫), তাঁর সহযোগী চট্টগ্রামের মফিজ মিয়া (৪০) ও ইলিয়াছ মিয়া (৩৮)।খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওসমান গনি ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনাস্থলে যান।ওসি রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, বারবার গ্রেপ্তার করেও টাইগার সামাদকে হাজতে রাখা যায়নি। প্রতিবারই জামিনে বেরিয়ে তিনি হত্যা, ডাকাতি, মাদকব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ কমপক্ষে এক ডজন মামলা রয়েছে। তিনি জানান, তিন ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।টাইগার সামাদের মৃত্যুর কথা শুনে এলাকায় মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।