পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ১০ জলদস্যুকে পিটিয়ে হত্যা
ভোলার মনপুরা উপজেলার ভাসান চরে গতকাল বুধবার জলদস্যু বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ জেলেরা জলদস্যু জাকির বাহিনীর প্রধান জাকির হোসেনসহ ১০ জলদস্যুকে পিটিয়ে হত্যা করেছেন। মনপুরা থানাধীন চর নিজাম পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম তালুকদার ও স্থানীয় জেলেরা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জেলে মো. বেলাল হোসেনের (২৮) বাড়ি মনপুরার চর নিজামে। নিহত জলদস্যুদের মধ্যে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রপুর গ্রামের জাকির হোসেন ও বিশুর নাম জানা গেছে। এসআই নুরুল প্রথম আলোকে বলেন, চলতি মাসে মেঘনার সাগর মোহনায় অন্তত ১০০টি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুদের দমনে পুলিশ গতকাল দুপুর ১২টার দিকে মেঘনার সাগর মোহনায় অভিযান শুরু করে। দুইটার দিকে পুলিশ ট্রলারে করে চর নিজাম থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে ভাসান চরের খালের মুখে পৌঁছালে জাকির বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে জলদস্যুদের প্রতিহত করতে পুলিশের সহায়তায় এগিয়ে আসেন শত শত জেলে। এ সময় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হন। এসআই নুরুল বলেন, পুলিশ ও জেলেদের যৌথ প্রতিরোধে টিকতে না পেরে বেশির ভাগ জলদস্যু বিকেল পাঁচটার দিকে পালিয়ে যায়। আর ১০ জলদস্যু পুলিশের কাছে আত্মসমর্পণের চেষ্টা করে। তবে আত্মসমর্পণের আগেই ক্ষুব্ধ জেলেরা ওই ১০ জলদস্যুকে পিটিয়ে হত্যা করেন। তিন ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে উভয় পক্ষের মধ্যে দুই শতাধিক গুলিবিনিময় হয়েছে। এর মধ্যে পুলিশ ছোড়ে প্রায় ১০০ গুলি। পুলিশ পরে জলদস্যুদের আস্তানা থেকে পাঁচটি ট্রলার, একটি গুলিভর্তি বন্দুক, একটি ফাইভ গান ও ৮০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধের সময় এসআই নুরুল ও কনস্টেবল রেজাউল করিম এবং আটজন জেলে আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।নিহত জেলে ও ১০ জলদস্যুর লাশ চর নিজাম পুলিশ তদন্তকেন্দ্রে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।ভোলা জেলা পুলিশ সুপার মো. বসির আহম্মদ গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।চর শাহজালাল থেকে অস্ত্র উদ্ধার: ভোলার চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, পুলিশ গত মঙ্গলবার চরফ্যাশন উপজেলার প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চর শাহজালালে বন বিভাগের একটি বনে অভিযান চালায়। এ সময় জলদস্যুদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে জলদস্যুর আস্তানা থেকে চারটি রাইফেল, একটি শটগান ও গুলিসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।