মিছিল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। সেখানে ছয়টি হাত বোমারও বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপির নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা চালায় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে র্যাবের সদস্যরাও যোগ দেন। প্রায় পৌনে এক ঘণ্টা সংঘর্ষ শেষে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এতে ১০-১২ জন আহত হন। তবে বিএনপি অভিযোগ করেছে, এই ঘটনায় তাদের অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে সেখানে বিক্ষোভ সমাবেশ করছিল বিএনপি।নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে তা ফকিরাপুল, আরামবাগ, পল্টন, কাকরাইলে ছড়িয়ে পড়ে। এসব এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। তাঁরা টায়ার, টেবিল রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেন। পুলিশের কাঁদানে গ্যাসের মধ্যেই থেমে থেমে চলছিল সংঘর্ষ। ওই এলাকায় নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। এ সময় শান্তিনগরের কাছে একটি বাসে আগুন দেওয়া হয়।সমাবেশ শেষে দলীয় নেতা-কর্মীরা মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল করতে গেলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এর পরই ওই সড়ক ও আশপাশের অলিগলিতে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। থেমে থেমে এই সংঘর্ষ চলতে থাকে। ছয়টার দিকে ওই এলাকায় পর পর কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। সংঘর্ষ চলাকালে কর্মীরা কয়েকটি বাস ও প্রাইভেট কার ভাঙচুর করেন।সংঘর্ষের কারণে আশপাশের সড়ক গুলিতে প্রায় এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় যানজটের। ওই এলাকার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, কোনো উসকানি ছাড়াই পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।তবে পল্টন থানার কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা জানান, মূলত বোমা বিস্ফোরণের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তা ছাড়া বিএনপির নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করছিলেন। তিনি জানান, ওই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।সমাবেশ: এর আগে বিকেল তিনটার দিকে বিক্ষোভ সমাবেশ শুরু করে বিএনপি। সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন ও থানার নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হন। তাঁরা সরকারবিরোধী স্লোগানও দেন। ইলিয়াস আলীর খোঁজ চেয়ে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন নেতা-কর্মীরা।ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, রহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।