মোটরযান মামলা নিষ্পত্তি প্রক্রিয়া সহজতর করতে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির সঙ্গে ই-ট্রাফিক চুক্তি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আগামী মাস থেকে ঢাকার যানবাহন মালিক ও চালকেরা নতুন এই ই-ট্রাফিক ব্যবস্থার সেবা পাবে বলে আশা করছেন পুলিশ কর্মকর্তারা।আজ বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ই-ট্রাফিক কার্যক্রম চালু প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে রবির একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন ডিএমপির পক্ষে উপকমিশনার (সদর দপ্তর) হবিবুর রহমান ও রবির পক্ষে প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ।পুলিশের নতুন এই ই-ট্রাফিক ব্যবস্থায় মোটরযান আইনে মামলা হলে জরিমানা দিয়ে তা নিষ্পত্তির জন্য আর ট্রাফিক পুলিশের কার্যালয়ে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। জরিমানা পরিশোধ করা যাবে মোবাইল ফোনে ফ্লেক্সিলোডের মাধ্যমে, রবি সেবা পয়েন্টে, অনুমোদিত ব্যাংকে এবং সংশ্লিষ্ট ডিসি অফিসে। জরিমানা পরিশোধ করলে জব্দ করা কাগজ ঠিকানা অনুযায়ী গাড়ির মালিক বা চালকের কাছে পৌঁছে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। জরিমানা পরিশোধ ছাড়াও মুঠোফোনের একটি খুদে বার্তার মাধ্যমেই পাওয়া যাবে যানবাহনের নিবন্ধন নম্বর, চেসিস ও ইঞ্জিন নম্বর, ট্যাক্স টোকেন ও ট্রাফিক মামলা-সংক্রান্ত তথ্য, রুট পারমিট ও চালকের লাইসেন্সের বৈধতা যাচাই এবং মোটরযান মামলা-সংক্রান্ত তথ্য।মোবাইল ফোন সেবাদাতা রবির ব্যবস্থাপক (গণমাধ্যম ও জনসংযোগ) মুবাসসের আনোয়ার আজমী বলেন, রবির গ্রাহকেরা এই ব্যবস্থায় বাড়তি সুবিধা পাবেন। যানবাহন-সংক্রান্ত তথ্যের জন্য শুধু রবি সংযোগ থেকে ৮৭৮৭ নম্বরে একটি খুদে বার্তা পাঠালে ফিরতি খুদে বার্তায় ব্যক্তির চাহিদা অনুযায়ী তথ্য চলে আসবে। শুধু রবি গ্রাহকেরাই ফ্লেক্সিলোডের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন এবং অন্যান্য সেবাগুলো পাবেন। অন্য সংযোগের গ্রাহকেরা রবি সেবা পয়েন্টে গিয়ে এই সেবা নিতে পারেন।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, ট্রাফিক পুলিশ এখন যেভাবে একটি ছকবাঁধা কাগজে মামলা লিখে দেন। ই-ট্রাফিকে আর তা হবে না। ট্রাফিকের হাতে থাকবে ছোট বিশেষ ধরনের ইলেকট্রনিক ডিভাইস। যাতে কাগজের মতোই ছক করা থাকবে। ট্রাফিক কর্মকর্তা শুধু অপরাধী গাড়ি বা চালকের তথ্য, জব্দ করা দলিলের তথ্য লিখে অপরাধের ধারা বাছাই করে ইনপুট দেবেন। এরপর ওই যন্ত্র থেকে একটি কাগজের স্লিপ বেরিয়ে আসবে। সেই স্লিপ সংরক্ষণ করবেন গাড়ির চালক বা মালিক। এরপর তিনি কয়েকটি মোবাইল ফোন বা অন্য উপায়ে নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাঁর হাতে ট্রাফিক কর্মকর্তার জব্দ করা দলিলগুলো নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবে। চাইলে গাড়ির চালক বা মালিক চলতি ব্যবস্থায় ট্রাফিকের কার্যালয় থেকেও জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তি করতে পারেন। আর কুরিয়ার সার্ভিস যদি ব্যক্তির কাগজপত্র হারিয়ে ফেলে, তার জন্য বীমার ব্যবস্থা রয়েছে। ওইসব কাগজ পুনরায় তুলতে ব্যক্তির যা খরচ হবে, তা বহন করবে বীমা কোম্পানি। জরিমানা দেওয়ার পর কাগজপত্র পেতে বিলম্ব হলে ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে বা মুঠোফোনের খুদের বার্তার মাধ্যমে তাঁর কাগজপত্রের অবস্থান জানতে পারবেন (পার্সেল ট্রাকিং)। বর্তমানে শুধু ঢাকা মহানগর পুলিশের আওতাধীন এলাকায় এই সেবা পাওয়া যাবে। আগামী মাসের শেষ নাগাদ এই ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সিআরএল) মাহমুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আদনান আহমেদসহ উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।এর আগে গত ডিসেম্বরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সঙ্গে একই বিষয়ে ডিএমপির একটি চুক্তি হয়।