পুলিশের সঙ্গে শামীমের উত্তপ্ত বাক্য বিনিময়
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের সঙ্গে এক পুলিশ কর্মকর্তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে আলা হোসেন নামের একজন কাউন্সিলর প্রার্থী ওই কেন্দ্রে গিয়ে বিভিন্নভাবে ভোটারদের ভয়ভীতি দেখান। এ সময় কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা তাঁকে নিষেধ করলে ওই কাউন্সিলরের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়।দুপুর সাড়ে ১২টার দিকে শামীম ওসমান ওই কেন্দ্রে গেলে আলা হোসেন পুলিশের নিষেধের বিষয়টি তাঁকে জানান এবং এর প্রতিকার চান। এ সময় শামীম ওসমান পুলিশের কাছে জানতে চান আলা হোসেনকে কেন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয় ‘তিনি কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছেন। তাই তাঁকে বের করে দেওয়া হয়েছে। এ সময় শামীম ওই পুলিশ কর্মকর্তাকে হুমকি-ধামকি দেন এবং পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজির সঙ্গে কথা বলতে বলেন।এদিকে এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও ফটোসাংবাদিকেরা এগিয়ে গেলে শামীম ওসমান তাঁদের ওপরও ক্ষুব্ধ হন এবং তাঁদের সরে যেতে বলেন।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। ওনারা আমাদের বিভিন্নভাবে অসহযোগিতা করছেন। এ ক্ষেত্রে আমাদের কী করার আছে।’এর আগে দুপুর ১২টার দিকে ছয় নম্বর ওয়ার্ডের ছফুরা খাতুন উচ্চ বিদ্যালয়কেন্দ্রের নির্বাচন পর্যবেক্ষক সালমা আলী অভিযোগ করেন, শামীম ওসমান এখানে ভোটারদের প্রভাবিত করছেন। সালমা আলীর অভিযোগের সময় শামীম ওসমান ওই কেন্দ্রের ভেতরে ছিলেন।এ বিষয়ে সাংবাদিকেরা শামীমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ থাকলে আমার সামনে এসে বলুক।’ এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন চিত্কার করে বলে ওঠে, ‘কার এত বড় সাহস’।