রাজশাহীতে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাল মঙ্গলবার রাজশাহীতে অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি। আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।শেষ খবর পাওয়া পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। গণমিছিলে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতের নাম শফিকুর ইসলাম (৩০)। তিনি নগরের বহরমপুর অচিনতলার আবদুর রহিমের ছেলে। তিনি ইসলামি ব্যাংক হাসপাতালের কর্মচারী ছিলেন।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সাইফুল ইসলাম নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।সন্ধ্যায় মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কাল আধা বেলা হরতালের ডাক দেন। একই সঙ্গে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়।রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের আহত পরিদর্শক তোফাজ্জল হোসেন, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মোহাম্মদ শাহরিয়ার, কনস্টেবল সাজেদুর ও মিজানুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তোফাজ্জল হোসেনের অবস্থা গুরুতর।আজ রোববার বিকেল তিনটার দিকে নগরের লোকনাথ স্কুলের পেছন থেকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। এতে পুলিশ বাধা দেয়। এ সময় জামায়াত-শিবির কর্মীরা পাল্টা ইট ছোড়ে। পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও গুলি চালায়। এ সময় মিছিলে থাকা শফিকুর গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে বিকেলের দিকে রাজশাহী জেলা বিএনপির একটি অংশ রাজশাহী কলেজ সীমানাপ্রাচীরের ভেতরে আটকা পড়ে। এ সময় পুলিশ কলেজ ফটকগুলোতে অবস্থান নেওয়ায় তারা বের হতে পারেনি। তবে সাড়ে ছয়টার দিকে পুলিশ সড়ে গেলে ওই কর্মীরা বের হয়ে যায়।রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘শফিকুর আমাদের গুলিতে মারা যায়নি। দুই-তিন দিক থেকে জামায়াতের কর্মীরা আমাদের আক্রমণ করে। তারা ছিল সশস্ত্র। তাদের গুলিতেই শফিকুর নিহত হয়ে থাকতে পারে।’মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইমাজউদ্দিন দাবি করেছেন, তাঁদের দলের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পুলিশ তাঁদের ওপর বিনা কারণে হামলা চালায়। এতে তাঁদের এক কর্মী নিহত ও ৬০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশের ভয় অনেকে অনেক জায়গায় আটকা পড়ে আছে। আহত হয়েও অনেকে চিকিত্সা নিতে পারছেন না।