পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ শ্রমিক আহত, গুলিবিদ্ধ ৩
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের উলাইল এলাকায় আজ শনিবার সকালে পুলিশের সঙ্গে পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের সংঘর্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁঁদের মধ্যে অন্তত তিনজন গুলিবিদ্ধ বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সোয়া নয়টার দিকে ওই এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দেয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেন তাঁরা। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে ২০ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে দুজন গুলিবিদ্ধ। এ ঘটনায় শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা লাঠি ও বাঁশ নিয়ে সড়কে নেমে আসেন। বিভিন্ন জিনিসপত্র সড়কে এনে তাতে আগুন জ্বেলে বিক্ষোভ দেখান। সকাল সোয়া নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিক ও পুলিশের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। পরে পরিস্থিতি শান্ত হয়। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. মসিউদ্দৌলা প্রথম আলো ডটকমকে বলেন, আজ কারখানা বন্ধ। তার পরও শ্রমিকেরা উলাইল এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে চাইলে তাঁরা ইটপাটকেল ছোড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে শিল্প পুলিশের দুই সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।আজ দুপুর ১২টার দিকে সাভার পৌরসভার রেডিও কলোনি এলাকা থেকে প্রায় দেড় হাজার শ্রমিক লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। সেখান থেকে তাঁরা রানা প্লাজার দিকে যেতে থাকেন। এ সময় তাঁরা রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। শ্রমিকেরা রানা প্লাজার মালিককে গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবি করেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার মেয়রকে গ্রেপ্তারের দাবি জানান। মিছিলটি সাভার নিউমার্কেট এলাকার কাছে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তাঁদের থামিয়ে দেন। আলোচনার একপর্যায়ে শ্রমিকেরা শান্ত হন। পরে তাঁরা সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বিক্ষোভ করে চলে যান।