পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’, এসআই আহত
ঢাকার অদূরে রূপগঞ্জ এলাকায় গতকাল মঙ্গলবার রাতে শ্যামপুর থানার পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে এসআই হেলালউদ্দিন ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যজনকে প্রাথমিক চিকিত্সা শেষে থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, গাড়ি চুরির মামলায় এক আসামিকে গতকাল যাত্রাবাড়ী এলাকা থেকে শ্যামপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১২টার দিকে শ্যামপুর থানার পুলিশের একটি দল ওই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালায়। একপর্যায়ে রূপগঞ্জের তারাব এলাকায় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এসআই হেলালের হাতে ও পায়ে গুলি লাগে। পুলিশের গুলিতে দুজন আহত হয়।